অভয়নগর (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৯:১৮ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৪০ পিএম
চলতি ইরি-বোরোর ভরা মৌসুমে নির্দিষ্ট সময়ে সার সরবরাহে দীর্ঘসূত্রতার অভিযোগ আনা হয়েছে অভয়নগর উপজেলার একটি আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। চলতি মাসে ডিলারদের কাছে বরাদ্দকৃত সার ঠিকমতো পৌঁছে না দেওয়ায় বাণিজ্যিক শহর নওয়াপাড়ায় অবস্থিত দেশ ট্রেডিং করপোরেশন নামক আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কৃষি দপ্তর চিঠি প্রেরণ করেছে।
জানা গেছে, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, যশোর এর টেলিফোনিক নির্দেশক্রমে অভয়নগর উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন স্বাক্ষরিত পরিপত্রে গত ১৭ ডিসেম্বর দেশ ট্রেডিং করপোরেশনের আমিনুর রশিদ খান বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, বর্তমানে দেশে ফসল উৎপাদনের ভরা মৌসুম চলছে। বরাদ্দ অনুযায়ী ডিলার তথা কৃষক পর্যাপ্ত সার সময়মতো পৌঁছানো একটি বড় চ্যালেঞ্জ। যথাসময়ে বরাদ্দকৃত সার বাবদ প্রয়োজনীয় অর্থ জমা প্রদান বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অত্যন্ত তৎপর। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন জেলার সার উত্তোলনের হার আশানুরূপ নয়। এ বিষয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ডিলার আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে সার সরবরাহে দীর্ঘসূত্রিতার অভিযোগ এনেছেন। চিঠিতে আরও বলা হয়েছে কৃষকের স্বার্থ সুরক্ষায় চলতি মাসে আপনার আওতাধীন সংশ্লিষ্ট ডিলারদের অনুকূলে বরাদ্দকৃত সার সরবরাহ নিরবচ্ছিন্ন ও ত্বরান্বিত করতে অনুরোধ করা হলো।
দেশ ট্রিডিং করপোরেশন নিজেদের আরও দুটি আমদানিকারক প্রতিষ্ঠান বাল্ক ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড ও বাল্ক ট্রেড ইন্টারন্যাশনাল নামে চলতি মাসে টিএসপি বরাদ্দ পেয়েছে ২২ হাজার ৪০০ মে.টন, ডিএপি পেয়েছে ২৬ হাজার ৪৫২ মে.টন এবং এমওপি পেয়েছে ২৩ হাজার ৬০০ মে.টন। এর মধ্যে চলতি মাসে টিএসপি ১৩ হাজার ৩৬৮ দশমিক ১০ মে.টন, ডিএপি ১৭ হাজার ৯২৬ দশমিক ৬০ মে.টন ও এমওপি ১৪ হাজার ৫২৩ দশমিক ০৫ মে.টন বিক্রয় হয়েছে। চলতি মাসের ২২ তারিখ পর্যন্ত সার বিক্রি করতে বাকি রয়েছে টিএসপি ৯ হাজার ৩১ দশমিক ৯০ মে.টন, ডিএপি ৮ হাজার ৫২৫ দশমিক ৪০ মে.টন ও এমওপি ৯ হাজার ৭৬ দশমিক ৯৫ মে.টন।
জানা গেছে, ১৬ অক্টোবর থেকে বোরো মৌসুম শুরু হয় এবং তা চলে ১৫ মার্চ পর্যন্ত। সে হিসাবে সারা দেশে এখন বোরো ধানের ভরা মৌসুম চলছে। এ অবস্থায় চলতি মাসে সার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স দেশ ট্রেডিং করপোরেশন যথাসময়ে দেশের বিভিন্ন প্রান্তের ডিলারদের কাছে সার সরবরাহ করতে দীর্ঘসূত্রতা করছে। বোরো ও রবি শস্যের জন্য সময়মতো সার প্রয়োগ না হলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আর এতে হুমকিতে পড়েছে বোরো চাষাবাদ।
নওয়াপাড়ার সার ডিলার মেসার্স হক ট্রেডার্সের পরিচালক আ. আওয়াল খান বলেন, আমদানিকারক প্রতিষ্ঠান দেশ ট্রেডিং সার ডেলিভারি দিতে দেরি করে না। তবে পদ্ধতিগত কারণে সার ডেলিভারি দিতে কিছুটা সময় দেরি হয়।
দেশ টেডিং করপোরেশনের নির্বাহী মজিবুর রশিদ খান বলেন, কেউ কেউ আমাদের বিরুদ্ধে অভিযোগ দিতে পারে যে দেরি হচ্ছে। আমার প্রতিষ্ঠান থেকে দেশের ৪০ থেকে ৪৫ জেলার বরাদ্দ একসঙ্গে দেয়। লোকজন বেশি দেখা যায় এজন্য দীর্ঘসূত্রতার কথা বলেছে। প্রতিদিন চারশ থেকে পাঁচশ ট্রাক সার ডেলিভারি হয়। এ পর্যন্ত বরাদ্দের ৭০ ভাগ মাল ডেলিভারি হয়েছে। আমার এখানে যে পরিমাণ বরাদ্দ দিয়েছে আমি ডেলিভারি দিতে দেরি করছি না। আমি সঠিকভাবেই ডেলিভারি দিচ্ছি।
অভয়নগর উপজেলা কৃষি অফিসার মোছা. লাভলী খাতুন বলেন, এখন রবি মৌসুম ও সার ব্যবহারের ভরা মৌসুম। এই ভরা মৌসুমে দেশ ট্রেডিং করপোরেশন সময়মতো ডিলারদের হাতে সার দিচ্ছে না। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে তাদের চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অভয়নগর সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি সালাউদ্দিন দিপু জানান, আমি খবর পেয়ে দেশ ট্রেডিংয়ের অফিসে গিয়েছিলাম। আশু সমস্যা সমাধানে তাদের নির্দেশনা দিয়ে এসেছি। তারা দ্রুত সমস্যার সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন।