ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৬ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৫:৪১ পিএম
কিশোরগঞ্জের ভৈরবে প্রায় ৮ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ আপন দুই বোনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের সদস্যরা।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে ঢাকা-সিলেট মহাসড়ক সৈয়দ নজরুল ইসলাম
সড়ক সেতুর ভৈরবপ্রান্তে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত
করেছে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর।
গ্রেপ্তারকৃত আপন দুই বোন মদারীপুর জেলার শিবচর থানার চরবহেরাতলা গ্রামের মৃত মজিবুর
ফরাজির মেয়ে ফয়জুরি আক্তার পলি (২৯) ও শিউলি বেগম (৩৮)। এদের মধ্যে শিউলি বেগম নুরুজ্জামানের
স্ত্রী ও ফয়জুরি আক্তার পলি মনুজ মিয়ার স্ত্রী।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, গোপন সংবাদের
ভিত্তিতে জানতে পারি মাদক কারবারি দুই বোন বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে লেগুনা যোগে ভৈরবে
আসছে। তথ্যের ভিত্তিতে আমাদের টিম যথাস্থানে অবস্থান নেয়। সোর্সের দেওয়া তথ্য মতে লেগুনাটি
সৈয়দ নজরুল ইসলাম সেতু (নাটালের মোড়) পৌঁছালে লেগুনার ভেতর থেকে দুই নারীকে আটকের পর
নারী সিপাহি দিয়ে তল্লাশি করে তাদের কাছ থেকে ৮,৫৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময়
তাদের দেওয়া তথ্য মতে নাটালমোড়ে আরেকটি অভিযানের জন্য অপেক্ষায় থাকি। রাতে আটককৃত নারীদের
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়ে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি।
তিনি আরো বলেন, আটককৃতরা সম্পর্কে আপন দুই বোন। বর্তমানে তারা ঢাকা জেলার কেরানীগঞ্জ
থানাধীন বন্ধমান্দাইল আমির হাজির বস্তি বাড়ির বাসিন্দা। তারা দুই বোন দীর্ঘদিন যাবত
বিভিন্ন কৌশলে মাদক পাচারের সঙ্গে জড়িত। ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
দায়ের শেষে দুই বোনকে থানায় সোপর্দ করা হয়েছে।