সোনাগাজী (ফেনী) প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৮ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৪ পিএম
ফেনীর সোনাগাজীতে ফয়জুল্লাহ শিবলু নামে এক যুবদল কর্মীকে অস্ত্রের নাটক সাজিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। ফয়জুল্লাহ শিবলু উপজেলার চরদরবেশ ইউনিয়নের লালমিয়া ফকির বাড়ির মৃত ওয়াজিউল্লাহর ছেলে।
যুবদল কর্মী ফয়জুল্লাহ শিবলু গতকাল বুধবার তার নিজ বাড়িতে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে হঠাৎ করে সোনাগাজী মডেল থানার একটি পুলিশের দল আমার বাড়িতে এসে আমাকে বলে আপনার বাড়ি তল্লাশি করব। আপনার বাড়িতে অবৈধ অস্ত্র আছে। শিবলু আরও বলেন, সোনাগাজী মডেল থানার সেকেন্ড অফিসার গোলাম কিবরিয়া ও এসআই বজলুর রহমান আমার ঘর বা অন্য কোথাও তল্লাশি না করে সরাসরি আমার ঘরের আঙিনায় টিনের ছাউনি থেকে একটি অস্ত্র বের করেন, যা দেখে আমি ও আমার পরিবার হতবিহ্বল হয়ে পড়ি।
শিবলু বলেন, আমি ও আমার পরিবারের লোকজন পুলিশকে সঙ্গে সঙ্গে বলি এই অস্ত্র আমরা রাখিনি। আপনারা আমাকে ফাঁসাতে কাউকে দিয়ে রেখেছেন। তর্কবিতর্কের একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায়।
যুবদল কর্মী শিবলু জানান, সোনাগাজীতে বিএনপির বিবদমান দুটি গ্রুপের রাজনীতির বলি হচ্ছি আমরা তৃণমূলের কর্মীরা। আমাদেরকে একটি পক্ষ ফাঁসাতে এই নাটক করেছে। বছরখানেক আগেও সেনাবাহিনী আমার বাড়িতে এসে অস্ত্র উদ্ধারের নামে নাটক সাজিয়েছিল। আমি দলীয় হাইকমান্ডের কাছে এর প্রতিকার চাই। একই সঙ্গে প্রশাসনের কাছে বিচারও চাই।
এ ব্যাপারে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার সেকেন্ড অফিসার গোলাম কিবরিয়া জানান, অস্ত্র দিয়ে ফাঁসানোর নাটক এটি সত্য নয়। গোপন সংবাদের ভিত্তিতে আমরা শিবলুর বাড়ির আঙিনায় পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসি।