অভয়নগর (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ১৯:৫১ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫ ২০:৪৫ পিএম
যশোরের অভয়নগরের নওয়াপাড়া পীরবাড়ী এলাকায় রবিবার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে মাদ্রাসার পাশে আজিজুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান আশিকুর কুটির শিল্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে কাঠের দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নওয়াপাড়া দমকল বাহিনী দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এলাকাবাসী ও ফায়ার
সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে নওয়াপাড়া থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা
চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে আশিকুর কুটির শিল্পে চেরাই কাঠসহ
তৈরিকৃত আসবাবপত্র পুড়ে গেছে।
পুড়ে যাওয়া প্রতিষ্ঠানের
মালিক আজিজুল ইসলামা বলেন, আমার পিঁড়ি বেলুন তৈরির কারখানা। রবিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান
বন্ধ করে বাড়িতে চলে আসি। আমার প্রতিষ্ঠানের পাশে আমার ছোট ভাই ঘুমিয়ে ছিল। সে দোকানে
আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত ৪টার
সময় এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, আগুনে
পুড়ে আমার ব্যাপক ক্ষতি হয়েছে।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, নওয়াপাড়া পীরবাড়ীর পাশে একটি ক্ষুদ্র কুটির শিল্পে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের লোকজন দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে ।