নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ১৪:১৩ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৭ পিএম
নেত্রকোনার সদর উপজেলায় নিজের বসতঘরে পড়েছিল হেলাল উদ্দিন (৫৮) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
রবিবার (২১ ডিসেম্বর) জেলার সদর উপজেলার কেগাতি ইউনিয়নের নারিয়াপাড়া গ্রামে ঘটেছে মর্মান্তিক এ ঘটনাটি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ আজ সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, গত শনিবার দিনগত রাতে হেলাল উদ্দিন তার স্ত্রী বেদেনা আক্তারের সঙ্গে একই ঘরে ঘুমিয়েছিলেন। একপর্যায়ে রবিবার ভোরে স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠেন। পরে ঘরে ফিরে স্বামীকে জবাই করা অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে গিয়ে পুলিশকে খবর দেয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।