গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ১৪:০৭ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫ ১৫:২৫ পিএম
গোপালগঞ্জে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মো. পলাশ শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে শহরতলীর গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়কের গোবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ শেখ সদর উপজেলার বোড়াশি ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের লালমিয়া শেখের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, একটি ইজিবাইকে করে পলাশ শেখসহ কয়েকজন যাত্রী ঘোনাপাড়া থেকে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় ইজিবাইকটি গোবরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপটি খাদে ও ইজিবাইকটি দুমড়েমুচড়ে গেলে পলাশসহ সাতজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।