কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ২০:০৯ পিএম
কক্সবাজারে বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় হতাহত হয়ে দুর্ভোগে থাকা ৩৭টি পরিবারের মাঝে পৌনে দুই কোটি আর্থিক সহায়তা প্রদান করেছে বিআরটিএ কর্তৃপক্ষ।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কক্সবাজারে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন এবং আহত ১৭ জনের পরিবারের মাঝে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃপক্ষ এক কোটি ৭৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। এর মধ্যে নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা এবং আহতদের আঘাতের ধরনের ওপর ভিত্তি করে ১ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়া হয়েছে। অনুদানপ্রাপ্তদের মাঝে পথচারী, যাত্রী, চালক ও হেলপার পরিবারের সদস্যরা রয়েছেন।
জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বজন হারানোর ক্ষতি আর্থিকভাবে পোষানো সম্ভব নয়। তারপরও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব। এই আর্থিক সহায়তা তাদের চিকিৎসা ও পুনর্বাসনে কিছুটা হলেও সহায়ক ভূমিকা রাখবে।
অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মো. মাসুদ আলম ও সহকারী পরিচালক মো. কামরুজ্জামানসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি শ্রমিক সংগঠনের নেতারা।