ঝালকাঠি ও নলছিটি প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১৯:০৮ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫ ২১:০০ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে মৃত্যুবরণ করায় তার নিজ জন্মভূমি গ্রামের বাড়িসহ উপজেলা জুড়ে এখনো চলছে শোকের মাতম। পরিবার ও এলাকাবাসীর কান্না ও আহাজারী যেন থামছেই না।এতো কম বয়সে ওসমান হাদির চলে যাওয়া কিছুতেই মানতে পারছে না এলাকাবাসী।
শরিফ ওসমান হাদির স্মরণে শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা ব্যবসায়ীদের উদ্যোগে সকল দোকানপাট বন্ধ রাখা হয় এবং সকাল থেকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
এ বিষয়ে নলছিটি উপজেলা ব্যবসায়ী সমিতির উদ্যোগ সকালে শহরে মাইনিং করা হয়।
নলছিটি পৌর বস্ত্র ব্যবসায়ী কমিটির সভাপতি নেওয়াজ হোসাইন জানান, নলছিটি উপজেলাবাসীর পক্ষে সকল ব্যবসায়ীরা শরিফ ওসমান হাদির সম্মানে এ উদ্যোগ গ্রহণ করেন। তিনি আরও বলেন, জাতীয় বীর শরীফ ওসমান হাদীর পরিচিতি ও সুখ্যাতি এখন শুধু নলছিটির মধ্যে সীমাবদ্ধ নয়, সারা বিশ্বের ছড়িয়ে পড়েছে।
ব্যবসায়ী শাহাদাত ফকির,রফিকুল ইসলাম ও জিয়াউল কবীর মিঠু বলেন, শরিফ ওসমান হাদি একজন জাতীয় বীর।তার জন্মভূমি নলছিটি হওয়ায় আমরা গর্বিত।তার স্মরণে আজকের ব্যবসায়ী সমিতির এ উদ্যোগকে স্বাগত জানান।
অন্যদিকে ওসমান হাদির মৃত্যুতে নিজ জেলা ঝালকাঠি শোকে স্তব্ধ। জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে নিজ জেলা ঝালকাঠি শোকে স্তব্ধ।
শনিবার বাদ যোহর হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ জানাজায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
নামাজ শেষে প্রয়াতের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া করা হয়।
নলছিটি পৌর শহরের খাসমহল এলাকায় হাদিশূন্য বসতভিটা শুনশান নিরবতা। মাঝে মধ্যে দু'একজন বাড়ির সামনে দেখা গেছে । সদা হাস্যজ্জ্বল হাদির মৃত্যুতে জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শহীদ শরিফ ওসমান বিন হাদির বাড়িতে নিরাপত্তার জন্য রয়েছে পুলিশি প্রহরা। রাষ্ট্রীয় এক দিনের শোক ঘোষণায় ঝালকাঠিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। শনিবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়।