ভালুকা (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৬ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫ ১০:৫০ এএম
ময়মনসিংহের ভালুকায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস (২৭) নামে এক যুবককে গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটেছে। এরপর লাশে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে। নিহত দিপু চন্দ্র দাস ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাসের ছেলে।
জানা গেছে, দিপু পাইওনিয়ার নীটওয়্যারস লিমিটেড কারখানায় লিংকিং সেকশনে কাজ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ করার সময় সহকর্মীর সঙ্গে ইসলাম ধর্মীয় নিয়ে কটূক্তি করেন। তাৎক্ষণিক এ কথা কারখানা বাইরে সাধারণ জনতার মাঝে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের ব্যবধানে দেড়-দুই হাজার মানুষ কারখানার সামনে জড়ো হয়। তারা কারখানার গেটের ভেতরে ঢুকে দীপুকে টেনে বের করে আনে এবং গণপিটুনি দেয়। এ সময় শিল্প পুলিশ ও ভালুকা মডেল থানা পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা চালায়। পরে জনতা লাশ টেনে-হিঁচড়ে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। রাত সোয়া ১১টায় লাশ ঝুলিয়ে আগুন দেয়। ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন জানান, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মাস্টারবাড়িতে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার ঘটনায় গণপিটুনীতে একজন নিহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।