বগুড়া অফিস
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ২০:১০ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫ ২০:১৭ পিএম
প্রায় দীর্ঘ ১৮ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বগুড়ায় স্বাগত মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে
আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে বিকালে শহরের মোহাম্মদ
আলী হাসপাতাল মাঠের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি সাতমাথা হয়ে জেলা বিএনপি কার্যালয়ে
গিয়ে শেষ হয়। স্বাগত মিছিলে অংশ নেন জেলা যুবদলের সকল ইউনিটের হাজার হাজার নেতাকর্মী।
লিডার আসছে স্লোগানে স্বাগত মিছিলটি রূপ নেয় আনন্দ আয়োজনে। মিছিলের পূর্বে হাসপাতাল
মাঠে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক
আবু হাসানের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
তিনি বলেন, সকল জল্পনা-কল্পনা আর ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে
আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন আমাদের নেতা
তারেক রহমান। তার আগমনের খবরে শুধু বগুড়া নয় সারা দেশের কোটি জনতা খুশির জোয়ারে
ভাসছেন। বাদশা বলেন, তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা এই বগুড়ার কৃতী সন্তান শহীদ
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। বাবার আদর্শকে ধারণ করে সুদীর্ঘ বছর তিনি দেশের গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন।
তার প্রতি সাধারণ মানুষের ভালোবাসার কোনো কমতি নেই। আগামী ২৫ তারিখ তাইতো তাকে নিজ
দেশে বীরের বেশে বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন তারা। বাদশা দৃঢ় কন্ঠে বলেন, তারেক রহমানের
আগমনের মধ্য দিয়েই দেশে চলমান সকল ষড়যন্ত্রের অবসান ঘটবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয়
নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী
সালাম।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি
আতাউর রহমান শম্ভু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর
রশিদ সুজন, সদর উপজেলা যুবদলের সভাপতি অতুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক তৌহিদ, বগুড়া
শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি প্রমুখ।
আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও
সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য যে মানুষটি দীর্ঘ
১৮টি বছর লড়াই সংগ্রাম করে গেছেন তিনি বগুড়ার কৃতী সন্তান ও তাদের অভিভাবক তারেক
রহমান। মামলা, হামলা, জেল-জুলুম সহ্য করেও লড়াই করেছেন এই দেশের গণতন্ত্রের জন্য।
দীর্ঘ প্রায় ১৮টি বছর ভিনদেশে থেকে অবশেষে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে
তিনি আগামী ২৫ তারিখে দেশে ফিরছেনÑ যা তাদের কাছে অত্যন্ত আনন্দের। যাকে দেখে রাজনীতিতে
আসা, যার অনুপ্রেরণাতেই যুবদলের পতাকাতলে আজ সারাদেশে লাখ লাখ যুবনেতারা ঐক্যবদ্ধ সেই
তারেক রহমানের আগমনকে ঘিরে তারা আনন্দ মিছিলের আয়োজন করেছেন যেখানে অংশ নিয়েছেন জেলার
কয়েক হাজার নেতাকর্মী। এখন থেকে প্রতিদিনই জেলার বিভিন্ন স্থানে ছোট ছোট স্বাগত মিছিলের
আয়োজন করবেন তারা। তাদের প্রত্যাশা তারেক রহমান বগুড়া সদর আসন থেকে বিপুল ভোটে বিজয়ী
হয়ে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।