× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই পরিবহনের দ্বন্দ্বে কুমিল্লায় বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:২০ পিএম

দুই পরিবহনের দ্বন্দ্বে কুমিল্লায় বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

দুই পরিবহন কোম্পানি বোগদাদ ও আইদি সার্ভিসের দ্বন্দ্বে কুমিল্লা নগরীতে বাস ধর্মঘট শুরু হয়েছে। এর ফলে নগরীর তিনটি প্রধান বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে জেলা থেকে প্রায় ৪০টি রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া, শাসনগাছা ও চকবাজার বাস টার্মিনাল থেকে কুমিল্লা-ঢাকা, কুমিল্লা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-চাঁদপুরসহ অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো রুটেই বাস ছেড়ে যায়নি।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে কুমিল্লা-চাঁদপুর সড়কে আইদি পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে বাস মালিক সমিতি এই ধর্মঘটের ডাক দেয়। কুমিল্লা নগরীর তিনটি বাস টার্মিনাল থেকে প্রতিদিন কয়েক হাজার বাস ও মিনিবাস প্রায় ৪০টি রুটে চলাচল করে।

জানা গেছে, ২০২৩ সালে চাঁদপুর জেলা প্রশাসনের অনুমতি নিয়ে আইদি পরিবহন কুমিল্লা-চাঁদপুর রুটে চলাচলের অনুমোদন পায়। তবে কুমিল্লা জেলা প্রশাসন থেকে রুট পারমিট না পাওয়াকে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।

হঠাৎ বাস চলাচল বন্ধ থাকায় গন্তব্যে যেতে না পেরে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রা করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, সকালে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে এসে দেখি কোনো বাস নেই। পরে পদুয়ার বাজার থেকে ১০০ টাকা বেশি ভাড়া দিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি বাসে উঠতে হয়েছে।

সুয়াগাজী থেকে কুমিল্লা শহরে আসা স্কুল শিক্ষক আবদুল কাদের জিলানী জানান, লোকাল বাস না পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকার একটি বাসে উঠতে হয়েছে। এতে স্বাভাবিকের চেয়ে বেশি ভাড়া দিতে হয়েছে।

আইদি পরিবহনের চেয়ারম্যান মীর পারভেজ আলম বলেন, চাঁদপুর জেলা প্রশাসকের অনুমতি থাকা সত্ত্বেও কুমিল্লা বাস মালিক গ্রুপের একটি সিন্ডিকেট শুরু থেকেই আমাদের চলাচলে বাধা দিচ্ছে। রুট পারমিট না পাওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জাঙ্গালিয়া বাস টার্মিনাল ছেড়ে প্রায় দুই কিলোমিটার দূরে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে বাস সার্ভিস চালু করা হয়। আইনি বাধা না থাকলেও এখনো অনাপত্তিপত্র দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

অন্যদিকে কুমিল্লা বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. তাজুল ইসলাম বলেন, আইদি পরিবহন চাঁদপুর জেলা প্রশাসন থেকে পারমিট পেলেও কুমিল্লা থেকে রুট পারমিট পায়নি। তবুও তারা বাস টার্মিনাল ব্যবহার করতে চাচ্ছে। এর আগেও কয়েক দফা বাধা দেওয়ার পর বিজয় দিবসে হঠাৎ করে কিছু বাস টার্মিনালে আনা হয়। গত বুধবার ও বৃহস্পতিবার টার্মিনালে বাস আনার চেষ্টা করলে বাধ্য হয়ে তিনটি টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে দুই পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। বিষয়টি সমাধানে আমরা চেষ্টা করছি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা