শফিক সরকার, ময়মনসিংহ
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৫:৫০ পিএম
ময়মনসিংহে সরকারি শারীরিক শিক্ষা কলেজ ক্যাম্পাসের অগ্নিদগ্ধ গাছের গুঁড়ি। প্রবা ফটো
ময়মনসিংহে সরকারি শারীরিক শিক্ষা কলেজ চত্বরে গাছের গুঁড়িতে আগুন জ্বালিয়ে অভিনব কায়দায় গাছ কাটার অভিযোগ উঠেছে। এটা কারা ঘটাচ্ছেন, এ নিয়ে কলেজ কর্তৃপক্ষ রয়েছে অন্ধকারে। তবে কলেজ কর্তৃপক্ষ বলেছে, তদন্ত কাজ চলছে। এরপর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনায় পরিবেশবাদীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের পাশে মুক্তাগাছার সাতাশিয়া এলকায় ২০০৩ সালে সরকারি শারীরিক শিক্ষা কলেজটি স্থাপিত হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা এই কলেজে ভর্তি হন। কলেজ চত্বরে আকাশি, মেহগনিসহ নানা প্রজাতির বৃক্ষ লাগানো হয়েছে। কলেজ স্থাপনের দীর্ঘ সময়ে গাছগুলোরও অনেক বড় হয়েছে। কিন্তু দুর্বৃত্তরা গাছের গুঁড়িতে আগুন ধরিয়ে গাছগুলো মেরে ফেলার চেষ্টা করছে। ১৫ থেকে ২০রি গাছের গুঁড়িতে আগুন দেওয়া হয়েছে। বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় কলেজ কর্তৃপক্ষ রাতারাতি গাছের গুঁড়িতে রঙ লাগিয়ে ঘটনা দামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে কয়েকজন শিক্ষার্থী বলেন, গাছের গুঁড়িতে আগুন দিয়ে কৌশলে গাছগুলো নেওয়ার চেষ্টা করছে একটি চক্র। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। এর পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনার জোর দাবি করছি।
এলাকাবাসী তাজুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা খুবই ন্যক্কারজনক। গাছ পরিবেশ রক্ষা করে। অথচ গাছের গুঁড়িতে আগুন দিয়ে গাছ ধ্বংস করা হচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করছি।
পরিবেশবাদী সংগঠন সাইবার কমিউনিটির সভাপতি সাকিব আহমেদ তুহিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প কিছু নেই। যারা শিক্ষাপ্রতিষ্ঠানের গাছ নিধনের জন্য গাছের গুঁড়িতে আগুন দিয়েছে, তারা অবশ্যই অন্যায় কাজ করেছে। আমরা এ ঘটনার জড়িতদের বিচারের দাবি করছি। এর পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের তদন্ত করে এর প্রকৃত ঘটনা উদঘাটন করা জরুরি হয়ে পড়েছে। এ ধরনের দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা জরুরি বলে তিনি মনে করেন।
ঘটনার সততা নিশ্চিত করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহতাব উদ্দিন বলেন, শিক্ষার্থীরা হয়তো গাছের নিচে আবর্জনা জড়ো করে ভুলক্রমে আগুন দিয়েছে। অথবা এ ঘটনার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে স্টাফদের সঙ্গে বৈঠক করেছি। এ বিষয়ে সবাইকে নজর রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি রীতমতো চিন্তায় ফেলে দিয়েছে বলে কলেজের এই ভারপ্রাপ্ত অধ্যাপক। এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(ছবির ক্যাপশন - ময়মনসিংহে সরকারি শারীরিক শিক্ষা কলেজের ভেতরে এভাবেই গাছের গুঁড়িতে আগুন দেওয়া হয়েছে)