কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ২২:০৮ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ২২:২১ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে দলটির মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাদের হাইকমিশনারকে নাকি ভারত ডেকে ধমক দিয়েছে। ভারতীয় হাই কমিশনারকে খুনি হাসিনাকে আশ্রয় দেয়ার জন্য শুধু ধমক না, অবিলম্বে বের করে দেওয়া উচিত ছিল। আপনি আমার দেশে সন্ত্রাসকে পেলেপুষে বড় করবেন, তাদের ট্রেনিং দেবেন, টাকা দেবেন।
অন্তত ত্রিশ হাজার আওয়ামী লীগের কর্মী ভিসা এবং পাসপোর্ট ছাড়া ভারতে আশ্রয় দিয়ে রেখেছেন। তো আপনি আমার দেশের সন্ত্রাসী পালবেন, বাংলাদেশকে বিরক্ত করেই যাবেন ,আর আমি আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখব, এত ঠ্যাকা পড়ে নাই।’ বুধবার (১৭ ডিসেম্বর) দেবিদ্বার উপজেলার ফুলতলী এলাকায় উঠান বৈঠকে তিনি একথা বলেন ।
হাসনাত বলেন, ভারত তাদের সন্ত্রাসীদের ক”দিন পরপর আমাদের দেশে ছেড়ে দেয়। বাংলাদেশের সন্ত্রাসীদের ভারত আবার পাহারা দেয়, ট্রেনিং দেয়, অর্থ দেয়। তারা আমাদের দেশে এসে দুষ্কর্ম করে। তাদেরকে বারবার করে বলা হয়েছে, শোনে না। যেহেতু শোনে না, যদি আমরা বলি যে আপনাদের দেশের সন্ত্রাসীদের আমরা বাংলাদেশে আশ্রয়, টাকা পয়সা দেব,ট্রেনিং দেব তা কী দোষের হবে? আপনারা চক্রান্ত বন্ধ করুন।
তিনি আরও বলেন, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে।আপনারা সন্ত্রাস ছড়াবেন, আর আপনার সার্বভৌমত্বের প্রতি আমরা সম্মান জানাব, তা হয়না। আপনার সীমান্তের প্রতি আমাদের সম্মান থাকবে। শর্ত হলো আমার সীমান্তকে আপনাদের সম্মান করতে হবে। আপনি যদি দেখামাত্রই গুলি করা পলিসিতে বিশ্বাস করেন, আমি কেন আপনাকে দেখামাত্রই সালাম দেওয়া নীতিতে থাকব? আপনি যদি আমাকে দেখামাত্রই গুলি করতে পারেন, আমি অন্তত ঢিল ছুঁড়ে হলেও প্রতিবাদ করব।
এনসিপির এই নেতা বলেন, ইন্ডিয়া নামের একটা ঠাকুর আছে। তারা বেজার হবে বলেই আমার দেশের অনেক রাজনীতিবিদ মুখে তালা দিয়ে রাখে। কিন্তু আমরা মুখে তালা দিয়ে রাখব না।এই মাটি আমাদের, স্বাধীনতা আমাদের, সার্বভৌমত্ব আমাদের।
তিনি বলেন, আওয়ামী লীগের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল স্বামী -স্ত্রীর মতো। হঠাৎ করে তাদের মুখোমুখি আমরা দাঁড়িয়েছি। এখন ভারত তা মেনে নিতে পারছে না। কিন্তু সম্পর্ক হবে ন্যায্যতার
ভিত্তিতে। আপনি আমাকে সম্মান দেবেন আমি আপনাকে সম্মান দেব। আমি আপনাকে শুধু ফুল দিয়ে যাব, আপনি আমাকে ফেলানীর মত কাঁটা তারে ঝুলিয়ে রাখবেন, ওই ধরনের স্বামী-স্ত্রীর সম্পর্ক আর থাকবে না।
হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশের মুসলমানদেরকে বছরের পর বছর জঙ্গি হিসেবে ভারত ট্রিট করছে । যারাই ভারত বিরোধিতা করেছে, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই সিরিয়ালে আমার ভাই হাদিও অন্তর্ভুক্ত হয়েছে। আমাদেরকে টার্গেট করেছে। তো কী হবে? কিছুই হবে না। আমি যদি মারা যাই, এমন অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে যাবে। আমাদের ইনসাফের লড়াই আমাদের আজাদির যে সিলসিলা তা অব্যাহত থাকবে।