× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় চালু হলো দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ২১:০১ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ২১:৩২ পিএম

কুমিল্লায় দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি ডিপো উদ্বোধন

কুমিল্লায় দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি ডিপো উদ্বোধন

দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। 

বুধবার (১৭ ডিসেম্বর) কুমিল্লার বরুড়া উপজেলার মগবাড়ি চৌমুহনীতে স্থাপিত এ পেট্রোলিয়াম ডিপোটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

কুমিল্লায় দেশের প্রথম স্বয়ংক্রিয় পেট্রোলিয়াম ডিপো স্থাপন দেশের জ্বালানি খাতে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ডিলার ও ব্যবসায়ীরা। বিশেষ করে এই ডিপোর ফলে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার জ্বালানি ব্যবসায়ীরা উপকৃত হবেন। এতে পরিবহন ব্যয় কমার পাশাপাশি সময় ও শ্রমেরও সাশ্রয় হবে।

অনুষ্ঠানে উপস্থিত ডিলার তাজুল ইসলাম ও কামাল হোসেন বলেন, এই ডিপো স্থাপন কুমিল্লা অঞ্চলের জন্য আশীর্বাদ। আগে আমাদের চাঁদপুর কিংবা চট্টগ্রাম থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তেল আনতে হতো। এখন আর সেই ভোগান্তি থাকবে না। সড়কে সমস্যা হলেও জ্বালানি সংগ্রহে বিঘ্ন ঘটবে না।

ডিপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম খাঁন, বিপিসির পরিচালক (অপারেশন ও পরিচালন) ড. এ কে এম আজাদুর রহমান, প্রকল্প পরিচালক কর্নেল মোহাম্মদ সুলতান মাহমুদ শ্যামল এবং কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান।

শুভেচ্ছা বক্তব্য দেন পদ্মা অয়েল কোম্পানির প্রকল্প পরিচালক আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান এবং মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক শাহীরুল হাসান।

বিপিসি চেয়ারম্যান মো. আমিন উল আহসান বলেন, আজ কুমিল্লাবাসী ও বাংলাদেশের জন্য আনন্দের দিন। দেশে এই প্রথম পুরোপুরি অটোমেটেড তেলের ডিপো চালু হলো। আগে ট্যাংকে তেল ভরার সময় কম-বেশি হতো, কিন্তু এখানে পুরো প্রক্রিয়াই হবে স্বয়ংক্রিয়। এখানে তেল নিতে গাড়ি ঢুকবে, কার্ড পাঞ্চ করবে এবং কোনো মানুষের সহায়তা ছাড়াই তেল সরবরাহ সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝামাঝি এই ডিপোর অবস্থান হওয়ায় যাতায়াতে সাশ্রয় হবে। এছাড়াও এখানে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি ট্রাক এখানে আসবে, এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান বাড়বে এবং এ অঞ্চলের সার্বিক উন্নয়নে ডিপোটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ‘চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন’ প্রকল্পের আওতায় প্রায় ১১৮ কোটি টাকা ব্যয়ে এই ডিপোটি নির্মাণ করা হয়েছে। ডিপোটির অপারেশন কার্যক্রমে কোনো হাতের স্পর্শ থাকবে না। জ্বালানি গ্রহণ থেকে শুরু করে সংরক্ষণ ও বিতরণ—সবকিছুতেই আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে, যা দেশের পেট্রোলিয়াম জ্বালানি খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, নতুন এই ডিপো থেকে বিপিসির তিন বিপণন অঙ্গ প্রতিষ্ঠান—পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল পিএলসি নিজ নিজ ডিলার ও ডিস্ট্রিবিউটরদের কাছে ডিজেল, পেট্রোল ও অকটেন সরবরাহ করবে। পুরো ডিপোর তত্ত্বাবধানে থাকবে পদ্মা অয়েল পিএলসি।

চট্টগ্রামের প্রধান স্থাপনা থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল এই ডিপোতে আনা হবে। এ ডিপো থেকে কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালী—এই চার জেলায় জ্বালানি সরবরাহ করা হবে। এতে স্থানীয় জ্বালানি সরবরাহ ব্যবস্থায় গতি আসার পাশাপাশি উল্লেখযোগ্য অর্থ সাশ্রয় হবে।

সূত্র জানায়, কুমিল্লা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে বরুড়া উপজেলার মগবাড়িতে ডিপোটির অবস্থান। ১৬ দশমিক ১৬৪ একর জায়গাজুড়ে নির্মিত ডিপোটিতে রয়েছে ১৯ হাজার ৩০০ মেট্রিক টন ডিজেল, ১ হাজার ৫০০ মেট্রিক টন পেট্রোল এবং ১ হাজার ৫০০ মেট্রিক টন অকটেন সংরক্ষণের সক্ষমতা রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, পাইপলাইনের মাধ্যমে ডিজেল গ্রহণের ফলে রাজনৈতিক অস্থিরতা, পরিবহন ধর্মঘট, প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতিতেও জ্বালানি গ্রহণ, মজুত ও বিতরণ কার্যক্রম সচল রাখা সম্ভব হবে। বৃহত্তর কুমিল্লার ফিলিং স্টেশনগুলোসহ এলাকার গ্রাহকরা চাঁদপুর, ফতুল্লা-গোদনাইল থেকে তেল সংগ্রহ করতো। কুমিল্লায় ডিপো স্থাপনের মাধ্যমে গ্রাহকদের সৃষ্ট যানজট কমানো, টোল খরচ, সময় ও শ্রম সাশ্রয় হবে। পাশাপাশি তেল চুরি ও অপচয়ের মতো দীর্ঘদিনের দুর্নাম থেকেও ধীরে ধীরে বেরিয়ে আসবে জ্বালানি খাত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা