দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ২০:১৭ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ২০:৫৬ পিএম
কুষ্টিয়ার দৌলতপুরে রাতের আঁধারে পার্শ্ববর্তী জেলায় সার পাচারকালে ৪০ বস্তা ইউরিয়া সার আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামে নছিমন ভর্তি সারের বস্তাগুলো আটক করেন স্থানীয়রা। পরে ঘটনাটি কৃষি কর্মকর্তাকে জানানো হলে তিনি সারসহ নছিমন গাড়িটি জব্দ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আদাবাডাড়িয়া ইউনিয়নে বিএডিসির সার ডিলার মেসার্স মামুন ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন নিজ গোডাউন থেকে ৪০ বস্তা ইউরিয়া সার শ্যালো ইঞ্জিনচালিত নছিমনে পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনীর সাহেবনগর এলাকার এক ব্যবসায়ীর কাছে অতিরিক্ত দামে বিক্রয়ের উদ্দেশ্যে পাচার করছিলেন। বিষয়টি ধর্মদহ গ্রামের কৃষকরা জানতে পেরে ধর্মদহ-কাজীপুর ব্রিজের ওপর থেকে সার বোঝাই নছিমন গাড়িটির গতি রোধ করেন। কৃষকরা নছিমনের চালকের কাছে সারের বৈধ রসিদ চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। পরে ঘটনাটি কৃষি কর্মকর্তাকে জানানো হলে তিনি সারসহ নছিমন গাড়িটি জব্দ করেন।
ধর্মদহ গ্রামের কৃষকদের অভিযোগ, ডিলার আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে কৃষকদের মাঝে সার সরবরাহ না করে অন্যত্র অতিরিক্ত দামে বিক্রয় করে আসছিলেন। এর ফলে কৃষকরা ন্যায্যমূল্যে সার পেতে চরম ভোগান্তিতে পড়েন।
এ বিষয়ে মেসার্স মামুন ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল আল মামুন বলেন, সরকারি সার পাচার বলতে আমি বাইরে থেকে সার কিনে বাইরে বিক্রয় করে থাকি।
দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন বলেন, অনুমোদিত বিএডিসি ডিলার সার পাচার করছিল এমন অভিযোগ পেয়ে সার ও গাড়ি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।