কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:১১ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:২৪ পিএম
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং সংরক্ষিত বনের ৬০ হেক্টর বনভূমি জবরদখল মুক্ত করা হয়েছে। অভিযানে ২৫টি পানের বরজ, ৩ হাজার সুপারির চারা ও একটি টিনের ঘর উচ্ছেদ করা হয়েছে।
যা সম্প্রতি বনের গাছপালা বিনষ্ট করে অবৈধভাবে জবরদখল করে পানের বরজ, সুপারি চারা ও স্থাপনা নির্মাণ করেছিল স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ঘোনারপাড়া, বসুরঘোনা, বসুরনালা, সাইরেরকেল্লা মাঠ, জুমেরছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন রামু উপজেলার ইউএনও ফজলে রাব্বানী চৌধুরী।
তিনি জানান, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে রামু সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, সহকারী বন সংরক্ষক (দারিয়ারদীঘি) শ্যামল কুমার ঘোষ, রামু থানার সাব-ইন্সপেক্টর শেখ আব্দুস সবুরসহ পুলিশ সদস্য, ধোয়াপালং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তোসাদ্দেক হোসেন, কক্সবাজার রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক, পানেরছড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শরীফুল আলম, ইনানী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন, উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান, বিভিন্ন বিটের বিট কর্মকর্তা মিলে দিনব্যাপী অভিযানটি পরিচালিত হয়।
ধোয়াপালং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তোসাদ্দেক হোসেন বলেন, অভিযানে ধোয়াপালংয়ের সংরক্ষিত বনের প্রায় ৬০ হেক্টর বনভূমি জবরদখল মুক্ত করা হয়েছে। অভিযানে ২৫টি পানের বরজ, ৩ হাজার সুপারির চারা ও একটি টিনের ঘর উচ্ছেদ করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। বনভূমি জবরদখলকারীদের ছাড় দেওয়া হবে না।