ইবি প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:১০ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:২৫ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার পাঁচ মাস পেরিয়ে গেলেও জড়িতদের গ্রেপ্তার না হওয়ায় প্রতীকী লাশ নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদে লাল রঙের কাপড় দিয়ে মোড়ানো প্রতীকী লাশ তৈরি করে কর্মসূচি পালন করা হয়। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে বিলম্ব হওয়ায় প্রশাসনের ব্যর্থতার তীব্র নিন্দা জানান বক্তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেনÑ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এসএম সুইট, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুবাশ্বির আমিন, মুখ্য সংগঠক গোলাম রব্বানী, ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সদস্য রাফিজ আহমেদ ও নুরউদ্দিন প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন, ‘সাজিদ হত্যার ঘটনার পাঁচ মাস পেরিয়ে গেলেও জড়িতদের খুঁজে পাওয়া যায়নি। এতে শিক্ষার্থীদের প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়েছে। একজন অপরাধী একই ক্যাম্পাসে আমাদের সঙ্গে ক্লাস করছে, গল্প করছে, একসঙ্গে খাচ্ছে ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছে। এটা ভয়ের বিষয়। ক্যাম্পাসে থাকা প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে অন্তত একজনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা উচিত। এতটুকু কি প্রশাসনের মাথায় আসে না?’
উল্লেখ্য, গত ১৭ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে ভিসেরা রিপোর্টে জানা যায়, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।