চাটমোহর (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৫:১৪ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৯ পিএম
রাস্তা দখল করে তৈরি করা হয়েছে খড়ের গাদা। প্রবা ফটো
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা সরদারপাড়া গ্রামে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ ও রাস্তা দখল করে চলাচলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে ভুক্তভোগীরা ইউএনও বরাবর অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামের বৌবাজার পাকা রাস্তা থেকে পূর্বদিকে শফিকুল ও বরাত সরদারের বাড়ি পর্যন্ত বিস্তৃত সরকারি রাস্তার প্রবেশমুখে একই গ্রামের ফরিদুল ইসলাম, আরশেদ সরদার, লাবু সরদার, বাবু সরদার ও ডাবলু সরদার দীর্ঘদিন ধরে কয়েকটি ধানের খড়ের পালা ও কাঁটাযুক্ত গাছের ডাল রেখে রাস্তা দখল করে রেখেছেন।
তারা অভিযোগপত্রে আরও জানান, ওই রাস্তা ব্যবহারকারী কয়েকটি পরিবার বাড়িতে যাতায়াত, কৃষিপণ্য পরিবহনসহ নিত্যপ্রয়োজনীয় কাজকর্মে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এমনকি রাস্তা ব্যবহার করতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র—দা, হাসুয়া, কাঁচি, শাবল ও বটি প্রদর্শন করে ভয়ভীতি দেখান এবং হামলার চেষ্টা করেন।
বিষয়টি সমাধানে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো কার্যকর সমাধান হয়নি। ফলে পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে বলে জানায় স্থানীয় বাসিন্দারা।
সাংবাদিক পরিচয় দিয়ে অভিযুক্ত ফরিদুল ইসলামের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, সরকারি জায়গায় শুধু আমার ঘরই না, আরো অনেকের ঘরে আছে। রাস্তা দখলের বিষয়ে তিনি জানান, আমি এখনই খড়ের পালা সরিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ছাইকোলা ইউনিয়নের নায়েবকে বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছেন। তিনি বলেন, যদি প্রমাণিত হয় এটি সরকারি রাস্তা, তাহলে অবশ্যই তা দখলমুক্ত করা হবে।
এদিকে ছাইকোলা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, অভিযুক্তদের সরকারি রাস্তা থেকে খড়ের পালাসহ সকল অবৈধ স্থাপনা দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তারা সেগুলো সরিয়ে নেবে বলে আশ্বাস দিয়েছে। তিনি আরও জানান, ফরিদুল ইসলাম নামে একজন সরকারি খাস জমি দখল করে সেখানে ঘর নির্মাণ করে বসবাস করছেন। এ বিষয়টিও তদন্তের আওতায় আনা হবে।