ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫ ১৭:২৭ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫ ১৮:১১ পিএম
নিহত দুই পুলিশ সদস্য। প্রবা ফটো
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার লালনশাহ সেতুমুখে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই দুই পুলিশ কর্মকর্তা পাবনা জেলা গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।
নিহতরা হলেনÑ রংপুর জেলার পীরগাছা থানার ইটাকুমারী গ্রামের মৃত
নুর মোহাম্মদের ছেলে মোজাহারুল ইসলাম (৪৫) ও রাজশাহীর তানোর থানার চান্দুরিয়া রাতৈল
এলাকার কাছিম উদ্দিনের ছেলে কয়েস উদ্দিন (৪০)। মোটরসাইকেল যোগে পাবনা থেকে কুষ্টিয়া
শহরের দিকে যাওয়ার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন। প্রত্যক্ষদর্শী জানান, দুপুর ১২টার
দিকে পাবনার ডিএসবিতে কর্মরত পুলিশ পরিদর্শক মোজাহারুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক
(এএসআই) কয়েস উদ্দিন মোটরসাইকেলযোগে ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতু পার হয়ে কুষ্টিয়া
শহরে যাওয়ার পথে পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই
মারা যান তারা। তবে কাভার্ড ভ্যানটিকে আটক করা যায়নি।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান বলেন, কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে কাভার্ড ভ্যানটি আটক করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।