চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৮:০২ পিএম
চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় অনুমোদনহীন বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিককে ১২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় কারখানা থাকা বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। সোমবার (১৫ ডিসেম্বর) ওয়ানপ্লাস কোম্পানি নামের ওই কারখানাটিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।
র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে র্যাব সদস্যদের পাশাপাশি বিএসটিআই’র ফিল্ড অফিসার প্রকৌশলী মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে একটি অভিযানিক দল ওই কারখানায় অভিযান পরিচালনা করেন। অভিযানে গিয়ে কারখানাটিতে অনুমোদনহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির প্রমাণ পায় ভ্রাম্যমান আদালত। পরে ওই কারখানায় থাকা বৈদ্যুতিক সরঞ্জামগুলো জব্দ করা হয়। পাশাপাশি এই ঘটনায় প্রতিষ্ঠানটিকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’