× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সরেনি পোস্টার ফেস্টুন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ২০:১৩ পিএম

নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সরেনি পোস্টার ফেস্টুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও দেশের খুলনা, নারায়ণগঞ্জ ও রূপগঞ্জের অনেক জায়গায় এখনও রাজনৈতিক নেতাদের পোস্টার ও ফেস্টুন সরিয়ে নেওয়া হয়নি। অফিস ও প্রতিবেদকদের পাঠানো খবরÑ

খুলনা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টা পেরোনোর পরও খুলনার নগরী ও জেলার ছয়টি সংসদীয় আসনে অধিকাংশ প্রার্থীর পোস্টার, প্যানা ও বিলবোর্ড অপসারণ কার্যক্রম সম্পূর্ণ হয়নি। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশনা উপেক্ষা করে প্রার্থীরা তাদের প্রচারসামগ্রী এখনও ঝুলিয়ে রেখেছে। 

১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পরই নির্বাচন কমিশন আচরণবিধি জারি করে। তাতে বলা হয়, সব সম্ভাব্য প্রার্থীর পোস্টার, প্যানা ও বিলবোর্ড ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে তবে শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত নির্ধারিত সময় শেষ হওয়ার পর রবিবার সকাল পর্যন্ত নগরীর প্রধান মোড়, বাজার এলাকা ও আবাসিক সড়কে প্রচারসামগ্রী ঝুলে আছে।

নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার মসজিদের সামনের সড়কে এখনও ঝুলছে খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং জামায়াত মনোনীত প্রার্থীর ফেস্টুন। নিরালা মোড়ে উভয় প্রার্থীর পাশাপাশি হাতপাখা প্রতীকের প্রচারসামগ্রীও রয়েছে। শান্তিধাম ও ডাকবাংলো মোড় এলাকায় ধানের শীষ প্রতীকের বড় আকারের ফেস্টুন টানানো। নিউমার্কেট এলাকায় খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থীর বিলবোর্ড, এনসিপি মনোনয়ন প্রত্যাশীর শাপলা কলি পোস্টার এবং গণঅধিকার পরিষদের প্রার্থীর ট্রাক মার্কা প্যানাও ঝুলে রয়েছে।

খুলনা-৫ আসনে রায়েরমহল বাজার থেকে ডুমুরিয়া পর্যন্ত রাস্তার অধিকাংশ অংশ ও অলিগলিতে বিভিন্ন দলের প্রার্থীদের পোস্টার ও প্যানা ঝুলছে। খুলনা-১, খুলনা-৩, খুলনা-৪ ও খুলনা-৬ নির্বাচনী এলাকায়ও গ্রামীণ অংশসহ প্রচারসামগ্রী অপসারণ হয়নি।

জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার বলেন, প্রায় ২৫ শতাংশ প্রচারসামগ্রী এখনও অপসারণ হয়নি, সিটি করপোরেশন অতিরিক্ত ২৪ ঘণ্টা সময় চেয়েছে। 

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহর ও শহরতলির অনেক জায়গায় তফসিল ঘোষণার পর বিএনপি ও জামায়াতে ইসলামীর কয়েকজন প্রার্থী কিছু জায়গায় তাদের পোস্টার ও ব্যানার-ফেস্টুন সরিয়ে নিলেও অনেকেই তা করেননি। এমনকি অনেকে নির্দিষ্ট স্থানের পোস্টার অপসারণ করলেও অন্য অনেক জায়গায় তাদের পোস্টার দেয়ালে সাঁটানো দেখা গেছে।

রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহর ও শহরতলির কয়েকটি স্থান ঘুরে বঙ্গবন্ধু সড়ক, ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক, পঞ্চবটি, ফতুল্লা, কাশীপুর, গোগনগর, শহীদনগর, পাইকপাড়ায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতা ও সম্ভাব্য প্রার্থীদের পোস্টার সাঁটানো দেখা গেছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির জানান, এখন স্থানীয় সরকার বিভাগের লোকজন বাকি পোস্টার-ফেস্টুন অপসারণ করবে। তারপর যদি কোনো প্রার্থী পোস্টার-ফেস্টুন লাগায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন সকল রাজনৈতিক নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন ও পোস্টার অপসারণের জন্য নির্দেশনা দেন রাজনৈতিক নেতৃবৃন্দকে। গত শনিবার রাত ৯টায় ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন ও পোস্টার অপসারণ করেননি তারা। উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার প্রতিটি ওয়ার্ড এবং পাড়া-মহল্লায় দলীয় এমপি পদপ্রার্থীদের সঙ্গে ছবি সংযুক্ত করা নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুন ও পোস্টার শোভা পাচ্ছে। 

যদিও রবিবার দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন ব্যানার-ফেস্টুন এবং পোস্টার অপসারণ অভিযান শুরু করেন। 

রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুল রহমান বলেন, রাজনৈতিক নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন এবং পোস্টার অপসারণ করেন নাই বিধায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অপসারণ অভিযান শুরু করেছি। 

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা সকল প্রকার ব্যানার-ফেস্টুন এবং পোস্টার সরিয়ে নেওয়ার নির্দেশনা রয়েছে। নির্দেশনা না মানলে মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা