বেনাপোল প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৯ পিএম
ভারতে কারাভোগ শেষে শিশুসন্তানসহ দেশে ফিরেছেন মা। প্রবা ফটো।
ভারতে আড়াই বছর কারাভোগ শেষে তিন বছরের শিশুসন্তানসহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন এক নারী। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সাখাওয়াত হোসেন।
এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৯ টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে তাদের।
ফেরত আসা মা-ছেলে খুলনার তেরখাদা উপজেলার গাজীপুর গ্রামের শহর আলী মোল্লার মেয়ে রুমা বেগম (৩৯) ও তার শিশু সন্তান মিসাইল খলিল শেখ (৩)।
ওসি সাখাওয়াত হোসেন জানান, তিন বছর আগে তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের মুম্বাই যান। সেখানে মা-ছেলে অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে সেদেশের আদালত তাদের আড়াই বছর সাজা দেয়। মুম্বাইয়ের একটি সেইফ হোম তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখেন। পরে উভয় দেশেরে দূতাবাসের সহযোগিতায় শনিবার দেশে ফেরেন। তাদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি মানবাধিকার সংস্থা গ্রহণ করে আজ রবিবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।
ফেরত আসা রুমা বেগম জানান, ২০২৩ সালের ১০ জানুয়ারি দালালের মাধ্যমে রাতের অন্ধকারে অবৈধভাবে ভারতে যান। পরে সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে মুম্বাই পুলিশ তাদের আটক করে। আড়াই বছর কারাভোগ শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার তারা দেশে ফেরেন।