হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ১৮:১৪ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫ ১৮:২০ পিএম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ জি কে গউছ বলেছেন, যারা গণতন্ত্র নস্যাৎ করতে চায় তারা আর যাই হোক বন্ধু হতে পারে না। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি।
শনিবার (১৩ ডিসেম্বর) তিনি ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক ওসমান হাদি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলায় জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জ জেলা বিএনপির প্রতিবাদ মিছিলপূর্ব সমাবেশে এসব কথা বলেন। পরে একটি বিশাল প্রতিবাদ মিছিল শহর প্রদক্ষিণ করে।
জি কে গউছ আরও বলেন,আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করা আপনাদের দায়িত্ব। আপনাদের দুর্বলতার সুযোগ নিয়ে আওয়ামী লীগ হবিগঞ্জে একটা ককটেল ফুটালে আবারও হবিগঞ্জের রাজপথে তৌহিদী জনতা গর্জে উঠবে। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদশের বিভিন্ন থানা থেকে আগ্নেয়াস্ত্র লুট হয়েছে। আওয়ামী লীগ নামে বেনামে তাদের দলীয় লোকজনকে অস্ত্র দিয়েছিল। কিন্তু বর্তমান সরকার গত ১৫ মাসে আমরা দেখিনি এসব অস্ত্র উদ্ধার করেছে। তারাই এসব আগ্নেয়াস্ত্র ব্যবহারের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের ভয় দেখাচ্ছে, গুলি করছে, ভোটারদের নির্বাচন থেকে দূরে রাখতে আতঙ্ক তৈরি করছে। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে, বাংলাদেশের মানুষ দেশের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে বারবার গর্জে উঠেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা দেওয়ার পরও লাখ লাখ মানুষ রাস্তায় নামতে হয়েছে, সকলের একটাই দাবি নির্বাচনী পরিবেশ সুন্দর দেখতে চাই।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজি এনামুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বজলুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনসহ বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী।