মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ১৭:২২ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫ ১৭:২৯ পিএম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মাস্ক পরা এক যুবক ভোরে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোররুমে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করছে। এ অগ্নিসংযোগের ফলে অফিসের নিচতলায় থাকা কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র এবং আসবাবপত্র পুড়ে গেছে।এ সময় অফিসের কর্মচারীরা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অফিসের লোকজন টের পেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসের নৈশপ্রহরী মোস্তফা হাওলাদার জানান, আমি রাত ২টার দিকে ঘুমিয়ে পড়ি। আগুনের বিষয়টি শুরুতে টের পাইনি। টের পেলে ৯৯৯ কল দিতাম। পরে বিষয়টি নজরে এলে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি।
মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার জানান, ‘তফসিল ঘোষণার পর থেকে আমাদের কোনো ছুটি নেই; আমি গতকাল রাত ১১টার সময় অফিসের কাজ শেষ করে বাসায় যাই। গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেরÑ হয়তো সেই নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল এরকম ঘটনা ঘটাতে পারে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের, নির্বাহী অফিসার এবং থানার অফিসার ইনচার্জকে অবহিত করেছি নিরাপত্তা দেওয়ার জন্য।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ তদন্ত শেখ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভবনের পেছনের থাই গ্লাসের জানলা খুলে ফেলেছে কৌশলে। তারপর আগুন দেওয়ার চেষ্টা করে। তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। নির্বাচন অফিস থেকে অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।