হাদিকে গুলি
বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ১৪:০৯ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫ ২০:৪০ পিএম
ফয়সাল করিম মাসুদ ওরফে রহুল। ফাইল ফটো
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়।
সন্দেহভাজন ওই ব্যক্তির বিষয়ে তথ্য জানতে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সন্দেহভাজন ব্যক্তির একাধিক ছবি যাচাই-বাছাই করে জানা গেছে, ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে রহুল। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে। তারা বাবার নাম হুমায়ূন কবির। অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট করে নেওয়ার ঘটনায় মাসুদকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে আদাবর থানায় মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের বাবা হুমায়ন কবির ওরফে মালেক ৩৫ বছর আগে ঢাকায় চলে যান। পুরো পরিবার নিয়ে ঢাকায় থাকেন। মাসুদের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। গ্রামের বাড়িতে কখনও আসেননি। তাকে কেউ দেখেনি এবং চেনেও না। গ্রামে তাদের সম্পত্তি যা ছিল, তাও বিক্রি করে দিয়েছে। এমনকি স্বজনদের সঙ্গেও যোগাযোগ নেই।
মাসুদের চাচি মিনারা বেগম (৫৫) বলেন, মাসুদের পরিবার ৩৫ বছর ধরে ঢাকায় থাকে। আমরা কখনও তাদের দেখিনি এবং তাদের সঙ্গে আমাদের যোগাযোগও নেই।
স্থানীয় বাসিন্দা বাচ্চু হাওলাদার (৬৫) বলেন, হুমায়ন কবিরকে আমরা মালেক নামে চিনি। এলাকা থেকে প্রায় ৩৫ বছর আগে ঢাকায় চলে গেছে। বাড়িতে তাদের ঘরবাড়িও নেই। সব বিক্রি করে দিয়েছেন।
এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের পরিবারের কেউ বর্তমানে ওই বাড়িতে বসবাস করেন না। তারা অনেক আগেই সব সম্পত্তি বিক্রি করে এলাকা ছেড়ে চলে গেছেন। এরপরও সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ওই এলাকায় বাড়তি নজরদারি রাখা হয়েছে।