আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ১৯:১৪ পিএম
ভান্ডারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার। প্রবা ফটো
জয়পুরহাটের আক্কেলপুরে ভান্ডারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের রান্না করার জন্য শহীদ মিনারের ইট দিয়ে চুলা তৈরির ঘটনায় বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দপ্তরিকে কৈফিয়ত তলব করে নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় ‘শহীদ মিনারের ইট খুলে রান্নার আয়োজন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রাথমিক শিক্ষা অফিসের নজরে আসলে বৃহস্পতিবার বিকালে সেই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদা সুলতানা ও দপ্তরি ফিরোজ হোসেনকে এ নোটিশ দেওয়া হয়।
আক্কেলপুর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ইমরান হোসেন এ নোটিশে সই করেছেন। তাদের আগামী সাত কর্মদিবসের মধ্য উল্লেখিত অনিয়মের জন্য কেন তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্র প্রেরণ করা হবে না, তার সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির সমাপনী বিদায় অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। সেখানে শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা কর্মকর্তাদের খাবারের ব্যবস্থা করা হয়। রান্নার প্রস্তুতির সময় দপ্তরি স্কুলের স্থায়ী শহীদ মিনারের সিঁড়ি থেকে কিছু ইট খুলে নিয়ে আসে। পরে সেগুলো দিয়ে অস্থায়ী চুলা বানিয়ে রান্না কার্যক্রম করেন।
দপ্তরি ফিরোজ হোসেন বলেন, পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের জন্য শহীদ মিনার থেকে ইট নিয়ে চুলা তৈরি করায় আমাকে নোটিশ দিয়েছে। আমি নোটিশের যথাযথ জবাব দিবো।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান বলেন, শহীদ মিনারের ইট খুলে চুলা তৈরি করার ঘটনায় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও দপ্তরিকে সাত দিনের মধ্য কৈফিয়ত তলব করা হয়েছে ।