প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। জেলায় টানা দ্বিতীয় দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার এখানে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরেই উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে।
শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশা না থাকলেও উত্তরের হিমেল বাতাসের কারণে শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। সকালের দিকে সূর্যের দেখা মিললেও বিকেলের পর থেকে শীতের তীব্রতা আবারও বাড়তে শুরু করে। হাড়কাঁপানো শীতে স্থানীয় নিম্ন আয়ের মানুষকে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খুঁজতে দেখা গেছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘তেঁতুলিয়া ও এর আশপাশের এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আগামী এক থেকে দুই দিন এই মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।’