নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ১৯:৫১ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৫ পিএম
নওগাঁয় দুর্ঘটনায় নিহত ও আহত ২৬ পরিবারের মাঝে প্রায় কোটি টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে নিহত ১৮ পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে, গুরুতর আহত এক পরিবারকে ৩ লাখ ও আহত ৭ পরিবারকে ১ লাখ টাকা করে মোট ১ কোটি টাকার চেক বিতরণ করা হয়।
বৃহষ্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ ট্রাস্টি বোর্ড এর পক্ষ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য বিশেষ ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এর মাধ্যমে নিয়মিতভাবে আবেদন যাচাই-বাছাই করে টাকা বিতরণ করা হচ্ছে। খুব শিঘ্রই নিহত ও আহতদের পরিবার সদস্যরা অনলাইনের মাধ্যমে এই আবেদন করতে পারবেন। এছাড়াও দুর্ঘটনার পর এই ক্ষতিপূরনের জন্য একমাসের মধ্যে আবেদন করার নিয়ম আছে, সেটি বাড়িয়ে দুই মাস করা হবে।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিআরটিএ যুগ্নসচিব রুবাইয়াৎ-ই-আশিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে জান্নাত আরা তিথি, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, বিআরটিএ রাজশাহী বিভাগের পরিচালক পার্কন চৌধুরী, নওগাঁ বিআরটিএ সহকারী পরিচালক রাশেদুজ্জামন, মটরযান পরিদর্শক শরীফুল ইসলাম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও নিরাপদ সড়ক চাই এর সভাপতি রায়হান আলম, নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সৈয়দ রেজাউল মোস্তফা কালিমী বাবুসহ অন্যান্যরা।