নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ২০:০৫ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫ ২১:১৮ পিএম
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে সন্ত্রাস দমনে চিরুনি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১০ ডিসেম্বর) সকালে নরসিংদী পুলিশ লাইনস পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, রায়পুরা উপজেলার চরাঞ্চলে সবচেয়ে বড় সমস্যা, সেখানে সন্ত্রাসীদের আড্ডা ও অসংখ্য হাতিয়ার রয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবকে নিয়ে একটি সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। ইতোমধ্যে অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। অপরাধীরা এখন টেঁটা থেকে হাতিয়ারে চলে গেছে। তাই যত দ্রুত সম্ভব কম্বিং (চিরুনি) অপারেশন করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, নরসিংদী জেলা কারাগার পরিদর্শনে দেখা গেছে অধিকাংশ আসামিই মাদকসেবী। মাদকের কোনো উপকারিতা নেই। জনগণকে এ বিষয়ে আরও সতর্ক করতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানের সময় নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই সময় কারাগার থেকে ৮২৬ জন বন্দি পালিয়ে যায় এবং ৮৫টি আগ্নেয়াস্ত্রসহ ৭ হাজারের বেশি গুলি লুট হয়। এখনো ১৮৪ জন পলাতক আসামি ধরাছোঁয়ার বাইরে। উদ্ধার হয়নি লুট হওয়া ২৯টি অস্ত্র ও পাঁচ হাজারের বেশি গুলি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারাগার থেকে খোয়া যাওয়া অস্ত্রের বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই। এসব অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করা হবে।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদী পুলিশ লাইনসে বৃক্ষরোপণ করেন এবং পুলিশ হাসপাতাল, রেশন স্টোর, রান্নাঘর, খেলার মাঠ, পুকুর, প্রশিক্ষণব্যবস্থাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুক প্রমুখ।