প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৩ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৮ পিএম
বিএলডিপি চেয়ারম্যান শাহাদত হোসেন সেলিম। ছবি : সংগৃহীত
বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদত হোসেন সেলিম তার নিজ দল বিলুপ্তি করে বিএনপিতে যোগ দিয়েছেন। দলটির ১১১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সবাই আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
সোমবার (৮ ডিসেম্বর) বিকালে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সেলিম বিএনপিতে যোগ দেন।
বিএনপিতে যোগ দেওয়ায় সময় শাহাদত হোসেন সেলিমকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সেলিমের বিএনপিতে যোগদান, এটা একটা ম্যাসেজ। জাতীয় প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে।
তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনে ধানের শীষের কাণ্ডারি হচ্ছেন শাহাদাত হোসেন সেলিম। তার এই যোগদান লক্ষ্মীপুর-১ আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।
শাহাদত হোসেন সেলিম বলেন, বিএনপির হাতকে ও জাতীয়তাবাদী শক্তির হাতকে শক্তিশালী করার জন্য বিএনপিতে যোগ দিয়েছি।
সদ্য বিলুপ্তকৃত বাংলাদেশ এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটু জানান, বাংলাদেশ এলডিপির ১১১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সবাই আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। এর মধ্য দিয়েই বাংলাদেশ এলডিপি বিলুপ্ত হল।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহাদাত হোসেন সেলিম—এ তথ্য আগেই জানিয়েছিল বিএনপি।