দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৯:০১ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৯:২২ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জে গ্যাস্ট্রিকের ট্যাবলেট ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মারা গেছেন দুই কৃষক। মৃত দুজন সম্পর্কে বেয়াই। গত রবিবার রাতে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনের মধ্যে রবিবার রাতে একজন ও সোমবার (৮ ডিসেম্বর) সকালে একজন মারা যান।
মৃত দুই কৃষক হলেনÑ বানিয়াপাড়া গ্রামের কানকু মিয়া (৪৫) ও পোড়াভিটা গ্রামের কমল মিয়া (৫০)।
জানা যায়, রবিবার দুপুরে কমল মিয়া বেড়াতে যান কানকু মিয়ার বাড়িতে। সেখানে দুপুরের খাবার শেষে দুজনের গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে ঘরে থাকা ইঁদুর মারার ওষুধ খান তারা।
ট্যাবলেট খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাদের বুকে জ্বালা ও বমি শুরু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সেখানে নেওয়ার পথে রবিবার রাত ১১টার দিকে কানকু মিয়া ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে কমল মিয়া মারা যান। এ ঘটনায় মৃত ব্যক্তিদের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, দুই কৃষকের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। উভয় পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করা হয়েছে। তবে এ বিষয়ে নিয়মিত অপমৃত্যুর মামলা হবে।