টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৫:০৬ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৭ পিএম
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার গহিন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় বন্দুকসহ ৩ মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই অভিযান থেকে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ৭ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার
(বিএন) মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
রবিবার (৭ ডিসেম্বর) তিনি জানান, প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন, টেকনাফ ও আউটপোস্টের বাহারছড়ার
সদস্যরা মারিশবুনিয়ার পাহাড়সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পাচারকারীদের পাহাড়ি গোপন আস্তানা থেকে আটকিয়ে রাখা ৭
জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। একইসঙ্গে তিন মানবপাচারকারীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার
করতে সক্ষম হয় কোস্ট গার্ড। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আস্তানা তল্লাশি করে একটি
দেশীয় বন্দুকও উদ্ধার করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদে জানা
যায়, সংঘবদ্ধ কয়েকটি পাচারকারী চক্র উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরির প্রলোভন
দেখিয়ে এবং অল্প খরচে বিদেশ যাত্রার আশ্বাস দিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে
বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল। ভুক্তভোগীদের
ভয়-ভীতি দেখিয়ে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়েরও চেষ্টা চলছিল।
এদিকে টেকনাফ স্টেশন কমান্ডার লে. সালাহউদ্দিন তানভীর প্রেস ব্রিফিংয়ে
বলেন, মানবপাচারকারীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। উদ্ধার
হওয়া ব্যক্তিরা, জব্দকৃত আগ্নেয়াস্ত্র এবং গ্রেপ্তার পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, মানবপাচার রোধে সীমান্ত ও উপকূলে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।