চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ২৩:৫৭ পিএম
অনুষ্ঠানে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। ছবি: আইএসপিআর
বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান ২০২৩ ব্যাচের প্রশিক্ষণ শেষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি বলেন, বর্তমান প্রগতিশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সিম্যুলেশন ভিত্তিক প্রশিক্ষণ, আধুনিক প্ল্যাটফর্ম সংযোজ ও নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী তার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। দেশীয় প্রযুক্তিতে ও নিজস্ব সক্ষমতায় লার্জ পেট্রোল ক্রাফট, এলসিটি, ডাইভিং বোট নির্মাণের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশসমূহ থেকে হেলিকপ্টার, আনম্যান্ড এয়ারক্রাফট, বিভিন্ন সক্ষমতার জাহাজ সংযোজনের প্রক্রিয়া চলমান রয়েছে। এসময় স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী সব বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করেন তিনি।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ২০২৩ ব্যাচের দুইজন নারীসহ ৩১ জন মিডশিপম্যান তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে সাব-লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেন। নৌবাহিনী প্রধান কুচকাওয়াজ পরিদর্শন শেষে বিভিন্ন বিষয়ে কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন। পরে সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান ব্রত নিয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।