গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৯:১০ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৩১ পিএম
রংপুরের গঙ্গাচড়ায় শিক্ষার্থী ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার আহমাদিয়া নূরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে এ ঘটনা ঘটে। আটক শিক্ষক সাজেদুল ইসলাম লালমনিরহাটের কালীগঞ্জের বাসিন্দা।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেছেন। স্থানীয়রা জানান, এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠলে উত্তেজিত জনতা সাজেদুল ইসলামকে মাদ্রাসা থেকে আটক করে রাখে। এলাকাবাসীর দাবি, কয়েক মাসে মাদ্রাসার আরও প্রায় ১৮ শিক্ষার্থীর সঙ্গেও তিনি ধর্ষণের চেষ্টা চালিয়েছেন। পরে ৯৯৯-এ খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী ছাত্রী বলেন, ওই স্যার প্রায় আমাদের সঙ্গে এ রকম করে। ব্যথা পেয়ে চিল্লাচিল্লি করলে মুখ চেপে ধরে।
ভুক্তভোগীর দাদী বলেন, হুজুর মসজিদের ভেতর ঝাড়ু দিতে বলার নাম করে ডেকে নেয়। তারপর সুকৌশলে খারাপ কাজ করে। বিষয়টি জানাজানি হলে সবাই মিলে তাকে ধরেছি।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। উত্তেজিত জনতার হাত থেকে শিক্ষককে উদ্ধার করে থানায় আনা হয়। গতকাল সকালে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।