প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৯:০২ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৯:০২ পিএম
ঝিনাইদহের মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ের শিক্ষার্থী পান্না আক্তার এ বছর জাতীয় পর্যায়ে বিশেষ সম্মান পেয়েছেন। ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ উপলক্ষে তাকে ‘বিশেষ চাহিদা সম্পন্ন সফল ব্যক্তি’ হিসেবে নির্বাচন করা হয়েছে।
সম্প্রতি ঢাকায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ পান্নার হাতে ক্রেস্ট, সনদপত্র ও ১০ হাজার টাকার পুরস্কার তুলে দেন।
পান্না আক্তারের এই অর্জনে বিদ্যালয়ে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। এর আগেও একই বিদ্যালয়ের শিক্ষার্থী নাঈমুর রহমান সজীব ২০২২ সালে একই ক্যাটাগরিতে জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছিলেন। প্রতিষ্ঠানটি কয়েক বছর ধরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাফল্য এনে দিচ্ছে।
২০২৩ সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকসে পান্না তিনটি স্বর্ণপদক জেতেন। একই প্রতিযোগিতায় ইসরাত জাহান ঝুমু একটি রৌপ্যপদক অর্জন করেন। ২০২৫ সালে মালয়েশিয়ায় হওয়া স্পেশাল অলিম্পিকস এশিয়া প্যাসিফিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় নাঈমুর রহমান সঙ্গীর একটি স্বর্ণ ও একটি রৌপ্যপদক এবং পান্না আক্তার আরও তিনটি স্বর্ণপদক জিতেছেন।
জাহেদী ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয় ঝিনাইদহের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অবৈতনিক শিক্ষা, শারীরিক উন্নয়ন এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। শিক্ষা, প্রশিক্ষণ ও নিয়মিত তত্ত্বাবধানে বিদ্যালয় শিশুদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ধারাবাহিক কাজের ফলেই পান্না আক্তারসহ দুই শিক্ষার্থী জাতীয় স্বীকৃতি পেয়েছে।