রংপুর অফিস
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৪০ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৮:১৬ পিএম
রংপুর জেলা প্রশাসকের নির্বাহী আদেশ জারীর মাধ্যমে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের আল্টিমেটামসহ ৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন করেছে মহানগর নাগরিক কমিটি। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব অ্যাড. পলাশ কান্তি নাগ জানান, আমরা ৩০ ডিসেম্বরের মধ্যে রংপুর জেলা প্রশাসকের নির্বাহী আদেশের মাধ্যমে প্রি-পেইড মিটার স্থাপনের কাজ বন্ধের দাবী জানাই। এরপরেও যদি নেসকো কর্তৃপক্ষ জোরপূর্বক বাসা বাড়িতে প্রি-পেইড মিটার স্থাপন করার চেষ্টা করে তাহলে পাড়া-মহল্লায় নেসকো কর্তৃপক্ষের মুখোমুখি অবস্থান করবে গ্রাহকরা।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া গণবিরোধী অনেক প্রকল্প বন্ধ করা হলেও কার স্বার্থে সেই আমলের এই গণবিরোধী প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে তা খতিয়ে দেখা উচিত। এছাড়া প্রি-পেইড মিটার নিয়ে উচ্চ আদালতে একটি রিট করা হয়েছে। এনিয়ে মামলা নিস্পত্তি হওয়ার আগেই নেসকো কর্তৃপক্ষ উচ্চ আদালতের তোয়াক্কা না করেই মিটার স্থাপনের কাজ করছে। যা আদালত অবমাননার সামিল।
এ সময় জনস্বার্থকে উপেক্ষা করে হয়রানীমূলক প্রি-পেইড মিটার স্থাপন অবিলম্বে বন্ধ করা, প্রতি মাসে ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ ও মিটার ভাড়া আদায় বন্ধ করা, গণশুনানী ব্যতিত গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সিদ্ধান্ত না নেওয়া, বিদ্যুতের মূল্য বৃদ্ধি রোধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, বিদ্যুৎ খাতের বিগত সরকারের আমলে অনিয়ম-দূর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা, ঘুষ-দূর্নীতি ও অব্যবস্থাপনা দুর করে বিদ্যুৎ বিভাগকে সত্যিকার অর্থেই একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দাবী জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নৃপেন্দ্র নাথ রায়, মহানগর নাগরিক কমিটির সদস্য এবিএম মশিউর রহমান, আব্দুল হামিদ বাবু, মাহফুজার রহমান, রেদওয়ান ফেরদৌস, সুবাস বর্মন প্রমুখ।