নোবিপ্রবি প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১২:২৮ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৭ পিএম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘Run For Unity by NSTU Shibir’ শীর্ষক দৌড় প্রতিযোগিতা।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উপস্থিতিতে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে দৌড় শুরু হয়ে প্রযুক্তি রোড ঘুরে বাংলাবাজার এলাকা হয়ে আবার প্রধান ফটকে এসে শেষ হয়। আয়োজকদের তথ্যমতে, নারী-পুরুষ মিলিয়ে আট শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ৩০ জনকে মেডেল দেওয়া হয়। অংশগ্রহণকারীদের জন্য ছিল জার্সি, বিশুদ্ধ পানি ও গ্লুকোজ।
প্রতিযোগিতায় প্রথম হওয়া শিক্ষার্থী জাহেদুল হক বলেন,
‘একজন খেলোয়াড় হিসেবে প্রতিটি প্রতিযোগিতা আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন
যত বাড়বে, ততই প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে এবং ক্যাম্পাসে আরও ইতিবাচক পরিবেশ
তৈরি হবে।’
নারী শিক্ষার্থীদের একজন অংশগ্রহণকারী বলেন, ‘শীতের সকালের
সুন্দর আবহে দৌড়ে অংশ নিতে দারুণ লেগেছে। ভাইয়েদের আয়োজন সত্যিই প্রশংসনীয় ছিল। আশা
করি, ভবিষ্যতেও শিবির এ ধরনের শিক্ষার্থীবান্ধব আয়োজন করবে।’
নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন, ‘৫
আগস্টের পর আমরা ধারাবাহিকভাবে কয়েকটি আয়োজন করেছি। তার অংশ হিসেবেই আজকের এই প্রতিযোগিতা।
এ ধরনের আয়োজন তরুণদের হতাশা কাটাতে সহায়তা করে। পাশাপাশি সকালবেলার ঘুম ত্যাগ করে
শিক্ষার্থীদের জাতি গঠনে এগিয়ে আসতে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য।’