গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৭ পিএম
গোপালগঞ্জের মুকসুদপুরে চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি খাতুন হত্যা মামলার প্রধান আসামি ও তার স্বামী রাসেল শেখকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার দেবীদ্বার থানার চরবাকর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-৬ ও র্যাব-১১ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত রাসেল শেখের বাড়ি মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে রাসেল শেখ ও অন্যান্য আসামিরা ইতি খাতুনকে হত্যা করে বস্তাবন্দি অবস্থায় পুকুরে ইট বেঁধে কচুরীপানার মধ্যে লুকিয়ে রাখে। গত ২৩ নভেম্বর থেকে ইতি খাতুন নিখোঁজ ছিলেন। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত ৩০ নভেম্বর সন্ধ্যায় স্থানীয়রা পুকুরে কচুরীপানার মধ্যে বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর নিহতের ভাই মো. সেলিম বাদী হয়ে মুকসুদপুর থানায় রাসেল শেখকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আজ জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে র্যাব জানায়।