পাবনার ঈশ্বরদীতে আলোচিত কুকুরের আটটি ছানাকে বস্তাবন্দি করে ডুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত নিশি রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে বিচারকের বিশেষ নির্দেশে মায়ের সঙ্গেই কারাগারে থাকবে ২ বছরের বাচ্চা।
বুধবার (৩ ডিসেম্বর) বিকালে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তরিকুল ইসলাম অভিযুক্ত নিশি রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সে সময় তার কোলে ওই শিশুসহ তাকে কারাগারে নেওয়া হয়। কোলে থাকা শিশুটি নিশি রহমানের ছোট ছেলে বলে জানিয়েছেন তার পরিবার।
সম্প্রতি নিশি রহমানের ২ বছরের শিশু কোলে করে আদালত চত্বর থেকে কারাগারের পথে বেরিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও ভাইরাল হয়েছে। তবে আদালতে মায়ের সঙ্গে কারাগারে ২বছরের শিশু এ যেন আরেক করুণ দৃশ্য। ভাইরাল হওয়া ভিডিওতে অনেকেই লিখেছেন" এ দৃশ্য যেন হৃদয়ের আরেক রক্তক্ষরণ"।
এদিকে মায়ের কোলে ২ বছরের শিশুসহ কারাগারে নিতে পুলিশ তার হাত ধরে নিয়ে যাচ্ছে এমন একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নতুন করে মানবিকতা নিয়ে নেট দুনিয়ায় অনেকেই শুরু করেছেন বিরুপ মন্তব্যের ঝড়। ক্ষোভ প্রকাশ করে কেউ লিখেছেন"এদেশে মানুষের থেকে কুকুরের দাম বেশি," আবার কেউ লিখেছেন "দুধের বাচ্চা কারাগারে কেন"?, এক মানবিক অপরাধের বিচার করতে গিয়ে আরেক মানবিক অপরাধ। এমন হাজার হাজার মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন এ ঘটনায়।
নিশি রহমানের স্বামী ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়ন মোবাইলে জানান, ‘আমার ৩ সন্তান। দুই ছেলে ও এক মেয়ে। কারাগারে স্ত্রীর সঙ্গে রয়েছে ছোট ছেলে। ওর বয়স ২ বছর।’
স্ত্রীর জন্য আইনজীবীর মাধ্যমে আদালতে জামিন আবেদন করেছিলাম, কিন্তু শুনানি হয়নি। বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আগামী রবিবার (৬ ডিসেম্বর) শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানান তিনি।
পাবনার জেল সুপার ওমর ফারুক বলেন, ‘যতদূর শুনেছি বাচ্চাটি দুগ্ধপোষ্য। এ কারণে শিশুটি তার মায়ের সঙ্গে কারাগারে থাকবে।’
তবে এ বিষয়ে কুকুরের আটছানা হত্যা মামলার বাদী ঈশ্বরদী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার মতামত জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
অভিযুক্ত নিশি রহমানের পক্ষের আইনজীবী মো. এরশাদ জানান, ‘আদালতে বিচারকের সামনে বাচ্চাসহ নিশি রহমানকে হাজির করা হয়েছে। বিচারকের বিশেষ নির্দেশে কারাগারে বাচ্চা ও মা নিশি রহমানের কোন অসুবিধা হবে না। আমরা ইতিমধ্যে সব আইনি প্রক্রিয়া শেষ করেছি এবং রবিবার শুনানির তারিখ নির্ধারন করেছে আদালত। আশা করছি শুধুমাত্র এ দুধের বাচ্চার কথা ভেবে রবিবার এ মামলায় নিশি রহমানের জামিন মঞ্জুর করবেন আদালত।’
ছানা হারানো কুকুরকে নতুন ৪ ছানা এনে দেওয়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠন ঈশ্বরদীয়ানের পরিচালক শাহরিয়ার অমিত বলেন, কুকুরের ৮ টি ছানাকে হত্যার ঘটনা যেমন অমানবিক ছিল, ঠিক তেমনই মায়ের কোলে দুধের শিশুসহ কারাগারে পাঠানোর বিষয়টিও হৃদয়বিদারক। আমি মনে করি এমন অপরাধ করে যে ছাড় পাওয়া যায় না, তা প্রমান হয়েছে অভিযুক্ত নিশি রহমানকে দিয়ে। এখন অন্তত তার কোলে থাকা দুধের বাচ্চার কথা ভেবে হলেও বিষয়টি শেষ করা দরকার।