দেবহাটা (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৬ পিএম
সাতক্ষীরার দেবহাটায় পৃথক অভিযানে ১ হাজার ১৬১ বোতল ভারতীয় নেশাজাতীয় মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ উইনসিরিক্স সিরাপ ও ভারতীয় অফিসার্স চয়েজ মদ জব্দ করা হয়।
নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার রাজীব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বসন্তপুর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে বিওপি কমান্ডার নায়েব সুবেদার শাহজাহান আলীর নির্দেশনায় হাবিলদার মহসিন গাজীর নেতৃত্বে ৬৩১ বোতল উইনসিরিক্স সিরাপ এবং ৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ জব্দ করা হয়। এ ছাড়া শাখরা বিওপির কমান্ডার নায়েব সুবেদার ফিরোজ আহম্মেদের নেতৃত্বে ভাতশালা সুইচগেট এলাকায় অভিযান চালিয়ে আরও ৫২৫ বোতল উইনসিরিক্স সিরাপ উদ্ধার করা হয়েছে।
জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। মাদক আমদানির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।