খুলনা অফিস
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ২১:০৮ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫ ২১:১২ পিএম
কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি হিসেবে দায়িদ্বরত। প্রবা ফটো
হিন্দু ভোটারের উল্লেখযোগ্য উপস্থিতি বিবেচনায় এনে খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে প্রায় ১০ মাস পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করা হয়েছে। নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী।
দলের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান সোমবার (১ ডিসেম্বর) খুলনার বিভাগীয় সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দকে এ সিদ্ধান্ত জানানোর পর বুধবার (৩ ডিসেম্বর) স্থানীয় পর্যায়ের বৈঠকে তা চূড়ান্ত করা হয়। বিষয়টি জানিয়েছেন জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন।
মনোনয়নপ্রাপ্ত কৃষ্ণ নন্দী বলেন, জামায়াত আমাকে খুলনা-১ আসনের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে। কেন্দ্রীয় আমিরের সিদ্ধান্তের পর আজ স্থানীয় বোর্ডেও বিষয়টি নিশ্চিত হয়েছে। শিগগিরই নির্বাচনী প্রচারণা শুরু করবো।
এর আগে ঘোষিত প্রার্থী মাওলানা আবু ইউসুফও সিদ্ধান্ত মেনে নিয়ে নতুন প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন। তিনি বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী কৃষ্ণ নন্দীই এখন প্রার্থী। আমি নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক হিসেবে তার প্রচারণা পরিচালনা করছি। আল্লাহ চাইলে সর্বোচ্চ চেষ্টা করবো।
গত ৯ ফেব্রুয়ারি জামায়াত খুলনার ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল। পাঁচটি আসনে সেই প্রার্থীরাই বহাল থাকলেও শুধু খুলনা-১ আসনেই পরিবর্তন এলো দীর্ঘ ব্যবধানে। রাজনৈতিক মহলের মতে, এ আসনে হিন্দু ভোটারের সংখ্যা ৪০–৪২ শতাংশ হওয়ায় জামায়াত হিন্দু প্রার্থী দেয়ার কৌশল নিয়েছে।
যদিও কৃষ্ণ নন্দী ডুমুরিয়া, অর্থাৎ খুলনা-৫ আসনের বাসিন্দা, তিনি দীর্ঘদিন ধরে জামায়াত সমর্থিত বিভিন্ন সমাবেশে সক্রিয় ছিলেন। মিয়া গোলাম পরওয়ারের একাধিক সমাবেশেও তিনি দাড়িপাল্লার পক্ষে বক্তব্য দিয়েছেন। ডুমুরিয়া স্বাধীনতা চত্বরের হিন্দু সমাবেশ থেকে শুরু করে ছাত্র গণজমায়েত সব ক্ষেত্রেই অংশ নিয়েছেন তিনি। এবার তাকে খুলনা-১ আসনে নিজের জন্য ভোট প্রার্থনায় নামতে হচ্ছে।
দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত খুলনা-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৩ হাজার ৫৪২ জন। স্থানীয় ভোটার কাঠামো বিবেচনায় এই প্রার্থী পরিবর্তন নির্বাচনকে নতুন মাত্রা দেবে বলে মনে করছেন অনেকে।