বেনাপোল প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ ১৪:০৩ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৬ পিএম
বেনাপোল আইসিপি সীমান্ত এলাকা থেকে নেশাজাতীয় উইনসিরেক্স সিরাপ ও বিপুল চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় আবু ইব্রাহীম (২৩) নামে ভারতীয় পাসপোর্টধারী এক নাগরিককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু ইব্রাহীমের বাড়ি কলকাতার খিদিরপুরের ইকবালপুর এলাকায়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
তিনি জানান, সোমবার রাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতীয় পাসপোর্টধারী এক নাগরিক বাংলাদেশে প্রবেশ করলে আইসিপি সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বিজিবি। এ সময় তার ট্রাভেল ব্যাগে তল্লাশি চালিয়ে নেশাজাতীয় উইনসিরেক্স সিরাপ, ভারতীয় শাড়ি, থ্রি পিস, শাল, চাদর, ঘড়ি, কীটনাশক ও কসমেটিকসসামগ্রী পাওয়া যায়। জব্দ করা এসব চোরাইপণ্যের মূল্য প্রায় ১০ লাখ টাকা।
গ্রেপ্তার ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্ত এলাকা চোরাকারবারিদের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিজিবির এই কর্মকর্তা।