বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ২১:০৫ পিএম
প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্ণ করল দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলা। এ উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় বন্দরের প্রধান ফটকের সামনে বেলুন উড়িয়ে এই আয়োজনের উদ্বোধন করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান।
এর আগে বন্দর ভবনের সামনে থেকে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে বন্দরের জেটির অভ্যন্তরে পবিত্র কুরআন তেলাওয়াত, গিতা ও বাইবেল পাঠের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অবদান ও বিভিন্ন ক্যাটাগরিতে বন্দর ব্যবহারকারী ২৯টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। কাজের স্বীকৃতি (সম্মাননা) হিসেবে সেরা কর্মীদেরও সম্মানিত করা হয়।
এসব অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহিদুল ইসলাম, বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর মো. শফিকুল ইসলাম সরকার, সদস্য (অর্থ) কাজী আবেদ হোসেন (যুগ্ম সচিব), সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. একেএম আনিসুর রহমান (যুগ্ম সচিব), পরিচালক (বোর্ড) কালাচাঁদ সিংহ (যুগ্ম সচিব), বন্দর কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম, হারবার মাস্টার, কর্নেল মো. ফিরোজ ওয়াহিদ, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম, বিভাগীয় প্রধানগণ, বন্দরের সব স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বন্দর ব্যবহারকারীরা উপস্থিত ছিলেন।