চুরি
কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ১০:০৯ এএম
রাঙামাটি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ থেকে পানি সরবরাহের গেট বাল্বগুলো চুরি হয়ে গেছে। রবিবার (৩০ নভেম্বর) মধ্যরাতে এগুলো চুরি করে নেয় চোরেরা।
এতে স্বাস্থ্য কমপ্লেক্সে সাময়িকভাবে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন হাসপাতালের ভর্তি রোগী ও তাদের স্বজনরা। দুর্ভোগ পোহাতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকেও।
উপজেলা হাসপাতালে জনবল সংকট ও নিরাপত্তকর্মী না থাকায় দিন দিন বাড়ছে চুরির ঘটনা।
এই বিষয়ে কথা হলে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, ধারণা করা হচ্ছে মধ্যরাতে মাদককারবারীরা এসে পানির গেট বাল্বগুলো চুরি করে নিয়ে গেছে। এতে হাসপাতালে পানি সরবরাহে সমস্যা হচ্ছে। তবে দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তিনি জানান, হাসপাতালে চুরির ঘটনায় সকলেই বেশ উদ্বিগ্ন। বিশেষ করে বর্তমানে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মী সংকট রয়েছে। দ্রুত সরকারিভাবে নিয়োগ প্রক্রিয়া করে এই সংকট দূর করা না গেলে চুরির ঘটনা আরও বৃদ্ধি পাবে।
এ বিষয়ে কথা হলে কাপ্তাই থানার ওসি কাই কিসলু জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।