× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুরির ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-এলডিপি সংঘর্ষ, আহত ৫০

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ২১:৩৮ পিএম

চুরির ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-এলডিপি সংঘর্ষ, আহত ৫০

কুমিল্লার চান্দিনার চিলোড়া বাজারে চুরির ঘটনাকে কেন্দ্র করে বিএনপি–এলডিপি নেতাকর্মীদের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। শনিবার গভীর রাতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির পর রবিবার (৩০ নভেম্বর) দফায় দফায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও লুটপাটে পুরো বাজার রণক্ষেত্রে পরিণত হয়।

এতে এলডিপির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদল বাড়েরা ইউনিয়ন শাখার সহসভাপতি মো. ফখরুল ইসলামকে কুপিয়ে জখম করে বিএনপির নেতাকর্মীরা। সংঘর্ষে ৪টি মটরসাইকেল ভাঙচুর ও ১টি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বাড়েরা ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সহসভাপতি ছোটন জানান, চিলোড়া বাজার জামে মসজিদের দান-অনুদানের টাকা সব সময় ফখরুল ইসলামের মুদি দোকানে রাখা হয়। গত শনিবার দিবাগত রাত আড়াইটায় দোকানের শাটারের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। চোর ওই দোকানের ক্যাশ ভেঙে মসজিদ ও দোকানের টাকা নিয়ে যায়। সিসি ক্যামেরা যাচাই করে দেখা যায় পার্শ্ববর্তী এতবারপুর গ্রামের মৎস্যজীবী দল নেতা রোকনের ছেলে রিফাত (১৫) ওই চুরির ঘটনা ঘটায়। রবিবার দুপুরে অভিযুক্ত রিফাতকে চিলোড়া বাজারে পেয়ে আটক করা হয়। পরে মারধরের পর রিফাতের মাথা ন্যাড়া করে দেয় বিক্ষুব্ধরা। এঘটনার জেরে রিফাতের গ্রাম এতবারপুর, পৌরসভার হারং ও মহারং এলাকার বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফখরুল ইসলামের বসতবাড়িতে হামলা করে তাকে মারধর ও কুপিয়ে জখম করে। এসময় স্থানীয় ব্যবসায়ীরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকেও মারধর এবং দোকান ভাঙচুর করা হয়।

তিনি অভিযোগ করেন, চান্দিনা পৌর যুবদল আহ্বায়ক হাজী নূরুল ইসলাম, পৌর ছাত্রদল আহ্বায়ক দোলন, এতবারপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে এ হামলা চালানো হয়। তবে চান্দিনা পৌর যুবদল আহ্বায়ক হাজী নূরুল ইসলাম মুন্সী বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমার মা অসুস্থ থাকায় আমি সারাদিন কুমিল্লাতে আছি। এ ঘটনা সম্পর্কে কিছুই জানি না।’ 

উপজেলা এলডিপির সভাপতি একেএম শামসুল হক মাস্টার বলেন, এ ঘটনায় আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর লুটপাট হয়েছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, চুরির ঘটনা থেকেই বিষয়টি রাজনৈতিক সংঘর্ষে রূপ নেয়। এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা