বাগেরহাট ও রামপাল প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ২০:৪৩ পিএম
বাগেরহাটের রামপালের মইদাড়া নদীতে একটি যাত্রীবাহী জালিবোট দুর্ঘটনায় পড়ে নদীতে উল্টে যায়। এতে বোটে থাকা ৫২ জন যাত্রী পানিতে পড়ে যান।
রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যার এ দুর্ঘটনা ঘটে। পরে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি, ফায়ার অ্যান্ড সেফটি এবং মেডিকেল টিমের সহায়তায় নারী, শিশু ও বৃদ্ধসহ ২০ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সবাইকে তাপবিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল নোমান জানান, সবাইকে দ্রুত চিকিৎসা দেওয়ার কারণে আহতরা বর্তমানে বিপদমুক্ত।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, খুলনার দাকোপ, চালনা ও বাইনতলা থেকে ৫২ জন যাত্রী একটি ইঞ্জিনচালিত নৌকায় করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র-সংলগ্ন গৌরম্ভায় একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে আসেন। অনুষ্ঠান শেষে ফেরার পথে তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর গেট সংলগ্ন মইদাড়া নদী দিয়ে যাওয়ার সময় বোটটি দুর্ঘটনাবশত উল্টে যায়।
দুর্ঘটনার পর কিছু যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন শিশু ও বৃদ্ধ নৌকার নিচে আটকা পড়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রের নিকটবর্তী হওয়ায় কর্তব্যরত সিকিউরিটি গার্ডরা দ্রুত সেখানে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। বাকি ৩২ জন সাঁতার কেটে তীরে ওঠেন। ঘটনায় গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি।