আঞ্চলিক প্রতিবেদক, সুনামগঞ্জ
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১৯:৩৯ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫ ১৯:৫৮ পিএম
সুনামগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে পাঁচটি যানবাহনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩০ নভেম্বর) সুনামগঞ্জ সদর উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পাঁচটি যানবাহনকে পৃথক মামলায় মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একই সঙ্গে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে বিতরণ করা হয় এবং একই সঙ্গে বিভিন্ন যানবাহনে স্টিকার লাগানো হয়।
ভ্রাম্যমাণ আদালতে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় বলেন, শব্দদূষণ-বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ যানবাহনকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৫ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।