মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১৯:২৮ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫ ২০:৩০ পিএম
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নার্সদের চিকিৎসার অবহেলায় মো. মাহতাব (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাত একটার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাহতাব সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পূর্ব জিনারাই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান মাহতাব। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। মেডিসিন বিভাগে ভর্তি করার পর প্রয়োজনীয় ওষুধ এনে দেওয়ার পরও দায়িত্বে থাকা নার্সরা কোনো চিকিৎসা দেননি। কয়েকবার ডাকাডাকির পরও নার্সরা রোগীর কাছে না আসায় কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর দায়িত্বে থাকা নার্স টুম্পা রানী সিং ও রুমা আক্তার পালিয়ে যান।
এদিকে মাহতাবের খবরে তার স্বজনরা হাসপাতালে গিয়ে বিক্ষোভ করেন। এতে হাসপাতালসহ আশপাশের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতের ছেলে রাসেল অভিযোগ করে বলেন, নার্সদের গাফিলতির বিষয়ে চিকিৎসককে জানাতে গেলে উল্টো তাদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। পরে কয়েকজন মেডিকেল শিক্ষার্থী এসে স্বজনদের আটকে রাখা, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং মারধরের চেষ্টা চালায়।
এ বিষয়ে কথা বলতে চাইলে কর্তব্যরত চিকিৎসক ডা. জয় কোনো মন্তব্য করতে রাজি হননি।
সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলামের সঙ্গে ফোনে কথা হলে তিনি মাহতাবের মৃত্যুর বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে জানান, কর্তব্যরত ডাক্তার ও রোগীর স্বজনদের কথা শুনে পরে বিস্তারিত বলতে পারব।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি এই হাসপাতালে ভুল ইনজেকশন পুশ করায় দুই রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। কিছুদিন পর পর এমন ঘটনার কারণে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা আতঙ্কে রয়েছে।