ঢাকার আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধের কথা বলে ডেকে নিয়ে এক মাদ্রাসা শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষণকারীকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় থানা ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় উলামায়ে কেরাম ও সর্বস্তরের জনতার ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে প্রায় দুই শতাধিক উলামায়ে কেরাম ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রিন্সিপাল নুরুল ইসলাম ও তার সহযোগী তাজুল ইসলামকে গ্রেপ্তার করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তারা।
মামলা সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর সন্ধ্যার দিকে শ্রীপুর তালটেকী দারুন নাজাত মহিলা মাদ্রাসার এক সাবেক শিক্ষিকাকে তার বকেয়া বেতন পরিশোধের কথা বলে মাদ্রাসায় ডেকে নেন ওই মাদ্রাসার প্রিন্সিপাল নুরুল ইসলাম। পরে তাকে বেতন দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী সুবন্দী ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসায় নিয়ে যান। সেখানে নিয়ে ওই মাদ্রাসার শিক্ষক তাজুল ইসলামের সহযোগিতায় ভুক্তভোগী নারীকে একটি কক্ষে আটকে ধর্ষণ করেন নুরুল ইসলাম। দীর্ঘ সময় তাকে রুমে তালাবদ্ধ করে রাখেন এবং রাত সাড়ে ৯টার দিকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাকে ছেড়ে দেন। পরে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, ‘গত ৯ নভেম্বর ভুক্তভোগী শিক্ষিকা আশুলিয়া থানায় বাদী হয়ে একটি মামলা করেন। এ সময় মামলার এজহারে দুজনকে আসামি করা হলেও আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় স্থানীয়ভাবে বিচার সালিশ করা হয়েছিল। সালিশ মনের মত না হওয়ায় মামলা করতে দেরি হয়। আর এই সময়ের মধ্যে আসামিরা পালিয়ে যায়। তবে তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চালানো হচ্ছে।’