শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১৬:২০ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫ ১৮:৪১ পিএম
গাজীপুরের শ্রীপুরে পাচারের সময় বিএডিসির লোগো সংবলিত ৫০ কেজি ইউরিয়া সারের ৮০টি বস্তা জনতা ট্রাকসহ জব্দ করেছে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুর পর্যন্ত জব্দকৃত সারের মালিককে পাওয়া না
যাওয়ায় জনতা সারগুলো পুলিশে সোপর্দ করে। এব্যাপারে কাউকে
গ্রেপ্তার করা যায়নি।
জানা যায়, এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার
দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামের (মাক্কির মোড়) থেকে ৮০ বস্তা
সারসহ ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৯১৮২৬) জব্দ করে স্থানীয় জনতা।
শ্রীপুর থানাধীন চরকপাড়া গ্রামের মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই)
মিজানুর রহমান বলেন, ট্রাকটি দ্রুত বেগে যেতে থাকলে স্থানীয়দের সন্দেহ হলে গতিরোধ করে।
পরে সারের বস্তার উপরে নীল পলিথিন সরিয়ে ট্রাকে বিএডিসির লোগো সংবলিত বস্তায় সার দেখতে
পান। তারা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানান। পুলিশ নিজ মাওনা গ্রামের (মাক্কির মোড়) থেকে
৮০ বস্তা সারসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। সেখানে গিয়ে সারের কোনো মালিক পাওয়া
যায়নি।
উল্লেখ রয়েছে, নিজ মাওনা বাজারের আফির উদ্দিনের মালিকানাধীন মায়ের
দোয়া এন্টারপ্রাইজ থেকে সারগুলো ট্রাকে লোড করা হয়। চালক ট্রাকটি নিয়ে পাশের জেলা টাঙ্গাইলের
সখিপুর উপজেলার তকতারচালায় নিয়ে যাচ্ছিল। ইউরিয়া সারের ওইসব বস্তায় ‘বিএডিসি বাংলাদেশ
কৃষি উন্নয়র কর্পোরেশন, ডাই অ্যামোনিয়া ফসফেট (ডিএপি)’ লেখা রয়েছে। প্রতি বস্তায় ৫০
কেজি ইউরিয়া সার রয়েছে। পুলিশ আসার খবরে ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, স্থানীয় জনতা গাড়ি জব্দ
করার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে সারসহ ট্রাক জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর
করেন। সারসহ ট্রাকটি পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। মায়ের দোয়া এন্টারপ্রাইজে আমরা অভিযান
চালিয়েছি। সেখানে যে পরিমাণ সার মজুত থাকার কথা তা মজুত রয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া
চলছে। সারের মালিক পাওয়া না গেলে জব্দ সারগুলো নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা
জমা রাখা হবে। সার কোথা থেকে এসেছে তা তদন্ত চলছে।